বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ করা স্পেকট্রাম ফি বাবদ অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা দাবি করে গ্রামীণফোনকে (জিপি) দেওয়া চিঠির অংশবিশেষ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।একই সঙ্গে ‘লাইসেন্স নবায়ন এবং স্পেকট্রাম ফির জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন করা যাবে না’—চিঠির এই অংশবিশেষ বৈধ ঘোষণা করা হয়েছে। জিপির আইনজীবীরা জানিয়েছেন, ওই লেনদেনের বিপরীতে প্রদত্ত ভ্যাট থেকে জিপি আইনগতভাবে রেয়াত পাবে বলে আদালতের অভিমতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এক বেঞ্চ জিপির করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।রায়ের কপি পাওয়ার পর টু-জি লাইসেন্স নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। এমসিএফ (মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর) প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা মাইনর ইস্যু। এ বিষয়ে জিপি আমাদের সঙ্গে আলোচনা করলেই আমরা তা মাফ করে দিতাম।’ তবে উৎসে কর না কেটে বিটিআরসির কাছে লাইসেন্স নবায়নের অর্থ জমা দেওয়ার বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘আদালতের এই রায়ের ফলে চার মুঠোফোন কোম্পানির লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিটিআরসির সরাসরি এক হাজার ১৯৯ কোটি টাকা আয় বাড়বে।’গতকাল জিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আদালতের রায়ে ভ্যাট পরিশোধবিষয়ক জটিলতা দূর হয়েছে এবং কীভাবে তা পরিশোধ করা হবে, তা পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে টু-জি লাইসেন্স নবায়নের পথ সুগম হয়েছে। আমরা আশা করব, সব পক্ষ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।’দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়নে বিটিআরসি গত বছরের ১৭ অক্টোবর জিপিসহ চার মুঠোফোন অপারেটরকে চিঠি দেয়। জিপিকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২০০৮-এর বরাদ্দকৃত স্পেকট্রামের ওপর এমসিএফ আমলে নিয়েই বাড়তি ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে। সদ্য তৈরি টু-জি লাইসেন্স নবায়ন নীতিমালার একটি ধারা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ২০০৮-এ বরাদ্দকৃত স্পেকট্রামের ফি ছাড়াও অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ স্পেকট্রাম এমসিএফ আমলে নেওয়া হবে।প্রতি মেগাহার্টজ ৮০ কোটি টাকা করে ২০০৮ সালে কেনা ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম ১৮ বছরের জন্য বরাদ্দ পায় জিপি। তখন লিখিত চুক্তি হয়, ভবিষ্যতে লাইসেন্স নবায়নে ওই স্পেকট্রামের জন্য কোনো বাড়তি ফি নেওয়া হবে না। অন্যদিকে, গত বছরের ২০ অক্টোবর ‘মূল্য সংযোজন কর (মূসক) উৎসে আদায়/কর্তন বিষয়ে স্পষ্টীকরণ ও মতামত’ শীর্ষক এক চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, ‘মুঠোফোন কোম্পানিদের কাছ থেকে মূসক বা ভ্যাট আদায়ের এখতিয়ার কেবল এনবিআরের। বিটিআরসি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। পাশাপাশি মূসক বিধিমালা ’৯১ অনুযায়ী, মুঠোফোন অপারেটরদের বিটিআরসিকে কোনো ফি দেওয়ার আগে তা থেকে ভ্যাট বাবদ অর্থ কেটে সরকারি কোষাগারে জমা দিতে হবে।’২০০৮ সালে স্পেকট্রাম ফি বাবদ দেওয়া অর্থের অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জিপি রিট আবেদন করে। প্রাথমিক শুনানির পর আদালত গত বছরের ২৬ অক্টোবর রুল জারির পাশাপাশি তাতে স্থগিতাদেশ দেন। বিটিআরসির আবেদনের পরিপ্রেক্ষিতে পরে বিষয়টি আপিল বিভাগে যায়। আপিল বিভাগ হাইকোর্টে পক্ষগণকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত এ রায় দেন।জিপির আইনজীবী মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের ফলে স্পেকট্রাম ফি বাবদ অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা জিপিকে দিতে হচ্ছে না।আদালতে জিপির পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী মামলা পরিচালনা করেন। বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আজমালুল হোসেন কিউসি, খন্দকার রেজা-ই রাকিব ও ইমরানুল কবির।