জিবরান তায়েবী হত্যা মামলায় টিটুর সাজা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ইয়াছিন রহমান টিটুর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জিবরানের করা আপিল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে খারিজ করে এ রায় দেন। রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, মামলার নথিপত্রে দেখা যায়, হাইকোর্টের রায়ের এক হাজার ৬৬২ দিন পর লন্ডন থেকে ফিরে টিটু আত্মসমর্পণ করে আপিল করেন। ওই হত্যার পরিকল্পনাকারী হিসেবে টিটুর আপিল খারিজ করে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। আত্মসমর্পণের দিন থেকে তাঁর এই সাজা গণনা শুরু হবে। এম কে রহমান জানান, জিবরানের বাবা টি এ খানের সঙ্গে তাঁর কথা হয়েছে। টি এ খান এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন তিনি ছেলে হত্যার ন্যায়বিচার পেয়েছেন। তবে আপিলকারীর আইনজীবী আনিসুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আদালত আপিল খারিজ করে রায় দিয়েছেন। রায়ের অনুলিপি পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে রায় পুনর্বিবেচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।চট্টগ্রাম সেন্ট্রাল মেরিটাইম (বিডি) লিডিটেডের প্রিন্সিপাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত থাকাকালে ১৯৯৯ সালের ৯ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে জিবরান তায়েবীকে আগ্রাবাদের শেখ মুজিব রোডের চুংকিং রেস্টুরেন্টের সামনে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় পরদিন ডাবলমুরিং থানায় জিবরানের এক সহকর্মী জেমস রায় মামলা করেন। জিবরানের বাবা টি এ খান পশ্চিমবঙ্গ পুলিশের তত্কালীন শীর্ষ কর্মকর্তা ছিলেন। চাকরি সূত্রে ওই সময় জিবরান তাঁর স্ত্রী তিতলী নন্দিনীকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছিলেন। অপরদিকে আসামি টিটু শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ কেডিএসের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের ছেলে।আদালত সূত্র জানায়, ওই ঘটনায় করা মামলায় ১৯৯৯ সালের ২২ নভেম্বর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আট আসামি হলেন—ইয়াছিন রহমান টিটু, মো. ওসমান আলী, আলী আকবর ওরফে দিদারুল আলম, জিল্লুর রহমান, জাহিদ হোসেন ওরফে কিরন, মো. সিদ্দিক, ওমর আলী ওরফে জাহাঙ্গীর কসাই ও আলমগীর। এ মামলায় ২০০২ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি টিটু, ওমর আলী ও আলমগীর খালাস পান।সূত্র মতে, ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে। আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলের শুনানি শেষে ২০০৭ সালের ২৮ মার্চ হাইকোর্ট পলাতক টিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে নিম্ন আদালতের রায়ে খালাসপ্রাপ্ত ওমর আলী ওরফে জাহাঙ্গীর কসাই ও আলমগীরকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নিম্ন আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. সিদ্দিক খালাস পান। হাইকোর্টের রায়ের পর গত বছরের ৯ অক্টোবর দেশে ফিরে এসে পরদিন চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন টিটু। পরে তাঁকে জেলহাজতে পাঠান আদালত। ১৭ অক্টোবর কারাগারে থেকে তিনি আপিল বিভাগে আবেদন করেন। একই বছরের ২৪ অক্টোবর বিলম্ব মার্জনা করে আদালত আপিল শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্তির নির্দেশ দেন। আপিলের ওপর সাত কার্যদিবস শুনানি শেষে আজ রায় দেন আদালত।