জিবরিলের বিপুল ভোটে জয়ের সম্ভাবনা
লিবিয়ায় ৬০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম অনুষ্ঠিত অবাধ সাধারণ নির্বাচনে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছেন। আজ শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়, প্রাথমিক ফলাফলে জিবরিলের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সের (এনএফএ) প্রার্থীরা অন্যান্য দলের প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন।গাদ্দাফিবিরোধী আন্দোলনে শুরু থেকে জিবরিল বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বাধীন এনএফএ জোটে মধ্যপন্থী ৬০টি দল রয়েছে। মধ্য ত্রিপোলিতে ভোট গণনায় দেখা যায়, এনএফপি যেখানে ৪৬ হাজার ভোট পেয়েছেন, সেখানে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড কন পার্টি পেয়েছে চার হাজার ভোট। আগামী সপ্তাহে এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।লিবিয়ায় গতকাল শনিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে লিবিয়ার জন্য একটি অস্থায়ী জেনারেল ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় পরিষদ নির্বাচিত করা হবে। পরিষদের মূল কাজ হবে একটি মন্ত্রিসভা গঠন ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা।লিবিয়ায় ১৯৬৪ সালের পর এটাই প্রথম সাধারণ নির্বাচন। নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ২৮ লাখ। ১০০টির বেশি রাজনৈতিক দল এতে অংশ নেয়।