জিবুতিতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতেও ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ। গতকাল শুক্রবার হাজার হাজার নাগরিক দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুইলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।পুলিশ বিক্ষোকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। গতকাল বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ওমর গুইলের পদত্যাগের দাবিতে একটি স্টেডিয়ামে জড়ো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। বিক্ষোভ দমনে সরকার আগে থেকেই সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছিল। শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর তা সহিংস হয়ে যায়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদেরকে লাঠিপেটা ও টিয়ায়শেল নিক্ষেপ করলে তারা পাথর নিক্ষেপ করে। ১৯৭৭ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর থেকেই গুইলের পরিবারের সদস্যারা জিবুতিতে ক্ষমতায় আছেন। ১৯৯৯ সালে গুইল প্রথম দফায় ক্ষমতায় আসেন। ২০০৫ সালে বিরোধী দল ছাড়া নির্বাচনে অংশ নিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত বছর তিনি সংবিধান পরিবর্তন করে সর্বোচ্চ দুই মেয়াদে ক্ষমতায় থাকার বিধান রদ করেন। ফলে তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বতা করতে পারবেন। প্রেসিডেন্টের এই পদক্ষেপ ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। আগামী এপ্রিলে জিবুতিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভে উদ্বুদ্ধ হয়ে জিবুতির মানুষও রাজপথে নেমে এসেছে। গত ২৮ জানুয়ারি দেশটিতে প্রথম বিক্ষোভের ঘটনা ঘটে। এরপর ছোট ছোট বেশ কিছু বিক্ষোভ হয়েছে। জিবুতির তিনটি বিরোধী দলের মোর্চা ইউনিয়ন পর ডেমোক্রেটিক চেইঞ্জ গতকালের এ বিক্ষোভ আয়োজন করে। তারা প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানায়। বিরোধীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে।