জিবে জল আনা লটকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ থেকে কুড়ি বছর আগেও নরসিংদীবাসীর কাছে লটকন আছিল জংলা (জঙ্গল) ফল। অবহেলা আর অযত্নে জঙ্গলের অন্য সব বৃক্ষের মতো বড় হইত। আমরা কইতাম বুগি। কেউ খাইত, কেউ খাইত না। শিশুরা এইটা দিয়া খেলত। এখন নরসিংদীর জংলার এই ফল শুধু দেশের বাজারই দখল করে নাই, কদর কাইড়া নিছে প্রবাসেও।’ ফলটির বাণিজ্যিক সফলতার কথা বলতে গিয়ে এভাবেই গর্ব করছিলেন নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের লাগপুর গ্রামের সুলতান উদ্দিন মোল্লা। তিনি নিজেও লটকনের বাগান করে সফলতার মুখ দেখে চলেছেন। তাঁর মতো অনেকেই লটকন চাষ করে সফল হয়েছেন।ঢাকার লাগোয়া জেলা নরসিংদী। জেলাটি শিল্পে সমৃদ্ধ। অনেকে বলেন সবজি, তাঁত আর কলার জেলা। এখন এর সঙ্গে যোগ হয়েছে লটকন। দেশের সীমা অতিক্রম করে ইউরোপ-আমেরিকাসহ ম১ধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে নরসিংদীর লটকন। জেলার সর্বত্র কমবেশি লটকনের ফলন হয়। তবে বেলাব ও শিবপুর উপজেলার মাটি লটকন চাষের বিশেষ উপযোগী। এই দুই উপজেলার উৎপাদিত লটকন আকারে বড়, রং হলদে আর স্বাদেও সুমিষ্ট।বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের লাগপুর গ্রামে গিয়ে দেখা গেল, ছায়াঘেরা সড়কের দুই পাশে সারি সারি লটকনগাছ। শাখা-কাণ্ড ভরে আছে অগণিত ফলে। ফল এখনো পাকেনি। সপ্তাহ দুই সময় লাগবে পাকতে। তবে এরই মধ্যে এলাকাগুলোতে পাইকারদের আনাগোনা শুরু হয়ে গেছে। বাগানমালিকদের সঙ্গে দরদাম করছেন তাঁরা।লাগপুর উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকায় চোখে পড়ে বিশাল একটি লটকনের বাগান। বাগানটি নাগপুর গ্রামের নাসির উদ্দিনের। তিনি জানালেন, ৫০০ গাছ আছে তাঁর নয় একরের বাগানে। গত বছর ১২ লাখ টাকার লটকন বিক্রি হয়েছিল। খরচ হয়েছিল এক লাখ টাকার মতো। এবার ফলন কিছুটা কম। এবার কিছুদিন আগে আচমকা শিলাবৃষ্টিতে ফলের ক্ষতি হয়েছে। বেলাবর পাশেই শিবপুর উপজেলার জয়নগর, সৃষ্টিগড়, চৈতন্য, কামারটেক, কুমারটেক, আচকিতলা, গিলাবের, সুজাতপুর, কামরাব, ছোটাবন, নৌকাগাটা, মুরগিবের ও শ্রীফুলিয়া গ্রামে গিয়ে দেখা গেল চাষি ও পাইকারেরা লটকনের দরদাম নিয়ে, বাগান বেচাকেনায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।এলাকাবাসী জানালেন, উঁচু আর লাল মাটির টিলা লটকন চাষের জন্য উপযোগী ভূমি। চাষে জটিলতা নেই। খরচ কম। কৃষি বিভাগের পরামর্শের প্রয়োজন হয় না। রোপণের তিন বছরের মধ্যে ফলন আসে। একটি গাছ ফল দেয় টানা ২০ থেকে ৩০ বছর। রোগবালাই নেই বললেই চলে। বিপত্তি নেই চারা করা নিয়ে। খুব সহজে চাহিদামতো চারা করে নেওয়া যায়। সার বলতে ইউরিয়া, পটাশ আর গোবর-ছাই। পাশাপাশি বাজারজাত নিয়েও সমস্যা নেই। জংলা ফলটি চাষিদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে দিয়েছে।