জিমনেসিয়ামে সুস্থতার সাধনা
বিজ্ঞজনের মতে, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ, শক্তপোক্ত ও সুন্দর শরীরের মালিক হতে এখন অনেকেই ছুটছেন এ শহরের জিমনেসিয়ামগুলোয়। নগরের পাড়া-মহল্লার জিমনেসিয়াম থেকে শুরু করে পাঁচ তারকা হোটেলের হেলথ ক্লাবগুলোয় ইদানীং স্বাস্থ্যসচেতন মানুষের ভিড় চোখে পড়ার মতো। স্বাস্থ্যসচেতন নারী-পুরুষের ব্যায়ামচর্চার খবর জানাচ্ছেনব্যায়ামে বীরপ্রিয় কোনো মানুষের কাছ থেকে উপহার পাওয়া স্কিনটাইট টি-শার্টটি পরতে হলে আর যা-ই হোক, নিজের বুকের ছাতিটা তো চওড়া হতে হবে। আর সেই সঙ্গে যদি মেদহীন কোমর আর ঈষৎ ভারী মজবুত পেশির পেটা শরীর হয়, তাহলে তো সোনায় সোহাগা। সুঠাম দেহ গড়ার জন্যই মহাখালীর স্পোর্টস জোনে নিয়মিত ব্যায়াম করতে আসেন বনানীর ছেলে আদনান ইসলাম। অনেকটা শখের বশেই তিনি জিমে আসা-যাওয়া শুরু করেছিলেন। এখন এটা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।আদনান বলছিলেন, দিনে একবার ঘণ্টাখানেকের জন্য হলেও তাঁর জিমে আসতে হয়। এখন নিয়মিত শরীরচর্চা না করলে মনে হয় পেটের নিচে যদি দুই ইঞ্চি চর্বি জমে যায়! ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দলের স্ট্রাইকার শাহীনূর ইসলামের মতে, শরীরচর্চার ব্যাপারটি প্রতিদিনের কাজের মধ্যে রাখাই ভালো। এতে নিজের ওপর বাড়তি চাপ পড়ে না।আধুনিক জিমনেসিয়ামগুলোতে যন্ত্রপাতির কোনো কমতি নেই। কোনটার যে কোন কাজ, তা খালি চোখে ঠাহর করা কঠিন। স্পোর্টস জোনের জিমনেসিয়ামের ফ্লোরের দায়িত্ব থাকা আবদুস সামাদ জানালেন, ব্যায়ামের যন্ত্রগুলো দেখতে অনেকটা একই রকম হলেও প্রতিটারই কাজ আলাদা। যাঁদের মেদভুুঁড়ি কমানোর দরকার তাঁরা প্রতিদিন মিনিট বিশেক ট্রেড মিলের ওপর দৌড়াতে পারেন। আবার শরীরটাকে সতেজ রাখতে যেমন বাইকিং-সাইক্লিংয়ের বিকল্প নেই।সুসজ্জিত জিমগুলোতে গেলে চোখে পড়ে, কেউ আরশিতে নিজেকে দেখতে দেখতে দুই হাতে ভর দিয়ে নিজের শরীরটাকে তুলে দিচ্ছেন শূন্যে। সমতল বেঞ্চে পিঠ লাগিয়ে ১৫-২০ কেজি ওজন তুলছেন অনেকে। অনেকে আবার এসব ভারী ব্যায়ামের ধারেকাছে না গিয়ে ফ্রি হ্যান্ড জোনে গিয়ে জিম বল দিয়ে যাচাই করে নিচ্ছেন, শরীর আসলে কতটা নমনীয়। তবে জিমনেসিয়ামে বেশ বড়সড় জায়গাজুড়ে রাখা মাল্টিস্টেশন যন্ত্রে ব্যায়াম করার মজাই আলাদা বলে জানালেন ইস্কাটন জিমনেসিয়ামের সদস্য পারভেজ হাসান। চাবুকের মতো টানটান দেহের অধিকারী পারভেজ হাসান বলেন, ‘প্রথম দিকে বাসায় নিজে নিজেই চর্চা করতাম। কিন্তু বাসায় ব্যায়াম করলে প্রায়ই আলসেমিতে ধরে। জিমে ভর্তি হওয়ার পর দেখলাম, আমার বয়সী অনেক ছেলেই এখানে নিয়মিত আসে। এখন তো প্রতিদিই সন্ধ্যার দিকে একবার জিমে যাওয়াটা আমার কাছে নেশার মতো মনে হয়।’ পারভেজের পাশে দাঁড়িয়ে থাকা তাঁর এক বন্ধু বলছিলেন, সবচেয়ে বড় কথা, প্রতিটা জিমেই নিজস্ব ইন্সট্রাক্টর থাকে। তাঁরাই নির্দেশনা দিয়ে দেন যে কোনটার পর কোনটা করতে হবে। এ প্রসঙ্গে পাঁচ তারকা হোটেল শেরাটনের রিক্রিয়েশন ক্লাব জিমনেসিয়ামের ইন্সট্রাক্টর বলছিলেন, শরীরের গঠন অনুযায়ী জিম না করলে পরে শরীরের আকৃতি দৃষ্টিকটু হয়ে যেতে পারে। হোটেল শেরাটনের সেলস অ্যান্ড এক্সিকিউটিভ মার্কেটিং শাহিদাস সাদিক বলেন, ‘আমরা আমাদের জিমনেশিয়ামে সবচেয়ে বেশি গুরুত্ব দিই ফিটনেসের ওপর। নির্দেশকদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার আর উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহারে সহজেই নিজের শারীরিক দক্ষতা বাড়ানো সম্ভব।’শরীর নির্মাণের এই কারাখানগুলোয় ঢুঁ মেরে দেখার জন্য প্রয়োজন কেবল সদিচ্ছার। মাসে দুই-তিন হাজার টাকার বিনিময়ে মাঝারি মানের জিমনেসিয়ামের সদস্য হওয়া যায়। তবে জিমের অবস্থান আর উপকরণভেদে আবার টাকার অঙ্কটা বাড়ে-কমে। যেমন হোটেল শেরাটনের জিমে রয়েছে অত্যাধুনিক ব্যায়ামের সব উপকরণ। এককালীন ৯৫ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য এখানকার সভ্য হওয়া যায়। আবার মহাখালী স্পোর্টস জোনে ২৫ হাজার টাকায় এক বছরের সদস্যপদ পাওয়া যায়। যাঁদের নিয়মিত জিমে যাওয়া সম্ভব হয় না, তাঁদের জন্য জিমগুলোয় রয়েছে ‘ফেলো কড়ি করো জিম’-এর ব্যবস্থা। এক হাজার ৫০০ টাকা খরচ করতে রাজি থাকলে ঘণ্টাদুয়েকের জন্য ঘুরে আসা যাবে শেরাটনের রিক্রিয়েশন ক্লাব থেকে।সৌন্দর্যের সন্ধানেজিমে যাওয়ার দিক দিয়ে ছেলেদের চেয়ে পিছিয়ে নেই মেয়েরা, বরং বেশ এগিয়েই আছে তারা। নগরের অধিকাংশ জিমেই ছেলে ও মেয়েদের জন্য পৃথক ব্যায়াম করার জায়গা আছে। আছে নারী নির্দেশকও। শারীরিক সৌন্দর্যটা ধরে রাখতে হলে ব্যায়ামের কোনো বিকল্প নেই বলে জিমে গিয়ে ব্যায়াম করা নারীর সংখ্যা দিন দিন বাড়ছে।পারসোনা হেলথ নারীদের জন্য একটা বড় ধরনের জিম তৈরি করেছে। প্রতিদিন প্রায় দেড় শ নারী পারসোনা হেলথে আসেন। পারসোনা হেলথের হেড অব জিম তানজিনা চৌধুরী জানালেন, একজন টিনএজারকে যে ব্যায়াম করানো হয়, একজন মাঝবয়সীকে সেটা করানো যায় না। বয়সভেদে ব্যায়ামের আলাদা ধরন আছে। প্রত্যেকের শারীরিক সামর্থ্যের ওপর ব্যায়ামগুলো দেওয়া হয়। পারসোনা হেলথে জিম বিভাগে কার্ডিওভাসকুলার এক্সারসাইজ করানো হয়। এর মধ্যে ট্রেডমিল, জগিং, বাইকিং, স্কেটিং, ক্রসট্রেইনার, স্টেপার ইত্যাদি ব্যায়াম করানো হয়। পেটের ব্যায়ামও করানো হয় যন্ত্রের সহায়তায়। কাচে ঘেরা একটি কক্ষে একসঙ্গে ২৫ জন তরুণী সংগীতের তালে তালে অ্যারোবিকস ব্যায়াম করছিলেন। এখানে অ্যারোবিকসে সামর্থ্য বুঝে তিন ধরনের ক্লাস করানো হয়।পারসোনা হেলথে আসা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা সেলিনা সুলতানা জানান, পাঁচ মাস ধরে তিনি এখানে ব্যায়াম করছেন সুন্দর স্বাস্থ্যের জন্য। মাস্টার্সের ছাত্রী তাহমিনা এখানে আসছেন শরীরটাকে ‘ফিট’ রাখার জন্য।ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাঁতার, যোগব্যায়াম ও বিভিন্ন ক্রীড়ার কৌশল শেখানোর পাশাপাশি মেয়েদের অ্যারোবিকসও শেখানো হয়। ছন্দের তালে তালে নাচের মাধ্যমে এ ব্যায়াম করে সুফল পেয়েছেন অনেকেই। ধানমন্ডি ৮/এ-তে অবস্থিত লেডি লাইন জিম অ্যান্ড বিউটি স্টুডিওতেও ফ্রি হ্যান্ড অ্যারোবিকস করানো হয়। এখানে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন নারী ব্যায়াম করতে আসে। প্রশিক্ষকেরা জানান, অনেক সময় দেখা যায়, অনেকেই চিকিৎসকের পরামর্শে এখানে আসে। তাদের শরীর উপযোগী ব্যায়াম করানো হয়। ধানমন্ডির জেনেটিকস প্লাজার চতুর্থ তলার মেঘনাস ফিটনেস সেন্টার-এর কর্ণধার পারভীন সুলতানা জানালেন, সব বয়সের নারীই এখন ব্যায়াম করতে আসছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জানালেন, উচ্চতা অনুযায়ী ওজন অনেক বেশি হওয়ায় তিনি নিয়মিত ব্যায়াম করতে আসছেন।