জিমি কার্টারসহ চার বিশ্বনেতা উত্তর কোরিয়া গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারসহ সাবেক তিন বিশ্বনেতা আজ মঙ্গলবার উত্তর কোরিয়া পৌঁছেছেন। তিন দিনের সফরে জিমি কার্টারের সঙ্গে ফিনল্যান্ড ও আয়ার্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে। এই সাবেক বিশ্বনেতারা উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি ও কোরীয় উপদ্বীপে বিরাজমান উত্তেজনা নিরসনে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। জিমি কার্টারসহ অন্য নেতারা উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইল ও তাঁর ছেলের সঙ্গে সাক্ষাত্ করবেন বলে আশা করা হচ্ছে। পিয়ংইয়ং রওনা দেওয়ার আগে জিমি কার্টার বলেছেন, তাঁরা আশা করছেন, তাদের দলটি কিম জং ইল ও তাঁর ছেলের সঙ্গে আলোচনা করবে। তবে আলোচনার ফলাফল সম্পর্কে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।