জিমেইলই কাল হলো পেট্রাউসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিমেইলের অ্যাকাউন্টই কাল হয়ে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান ডেভিড পেট্রাউসের। তাঁর কর্মকাণ্ড নিয়ে আরেক তদন্ত সংস্থা এফবিআই নজরদারি করতে গেলে বিষয়টি সামনে আসে। একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ রোববার এ কথা জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, পেট্রাউসের কর্মকাণ্ডের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল এফবিআইয়ের কর্মকর্তারা। এ সময় তাঁর ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট নিরীক্ষা করতে গিয়ে জীবনীকার ও মার্কিন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার সাবেক নারী কর্মকর্তা পলা ব্রডওয়েলের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি বেরিয়ে আসে।বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে গত শুক্রবার পদত্যাগ করেন পেট্রাউস। পরে তিনি এক বিবৃতিতে বলেন, ‘বিয়ের ৩৭ বছর পর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়াটা অগ্রহণযোগ্য। একজন স্বামী হিসেবে এবং এমন একটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে আমার এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।’যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’সহ মার্কিন গণমাধ্যমের খবরে জানা যায়, পেট্রাউসের জীবনী নিয়ে পলা ব্রডওয়েল ‘অল ইন: দ্য এডুকেশন অব ডেভিড পেট্রাউস’ শীর্ষক বই লিখেছেন।ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়ার পর চার তারকার জেনারেল ডেভিড পেট্রাউস ২০১১ সালে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।