জিম্বাবুয়ে ১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। গতকাল ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায় বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া ১ রানে হেরে যায় র্র‌্যাংকিংয়ের তলানির দল জিম্বাবুয়ের কাছে। প্রস্তুতিমূলক ম্যাচ হলেও জিম্বাবুয়ের কাছে এই হার অস্ট্রেলিয়ার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এক বড় ধাক্কাই। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। শুরুটা একদমই ভালো হয়নি তাদের। দলীয় মাত্র ৩৬ রানেই সিবান্দা, মাসাকাদজা, টেইলর ও কভেন্ট্রিকে হারিয়ে রীতিমতো ধুঁকছিল জিম্বাবুয়ে। এলটন চিগুম্বুরা নেমেই ভাগ্য ঘুরিয়ে দেন নিজ দলের। ৩৫ বলে ৭৬ রানের এক দারুণ ইনিংসে জিম্বাবুয়ের হাতে তুলে দেন লড়াইয়ের চাবিকাঠি। তাঁর এ অসাধারণ ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছয়ের মার। চিগুম্বুরার পাশাপাশি জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান আরেক ব্যাটসম্যান এরউইন। তিনি ৩০ বলে ৩৯ রান করেন। মূলত এই দুজনের নৈপুণ্যেই জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করায় ১৭৪ রানের এক লড়াকু লক্ষ্যমাত্রা। অস্ট্রেলিয়ার পক্ষে মাইকেল জনসন চার ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। অস্ট্রেলিয়ার জন্য ১৭৪ রান আপাত সহজ লক্ষ্যমাত্রা মনে হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অসিরা কাজটিকে কঠিন করে ফেলে। ওয়ার্নারের ৭২ ও মাইকেল ক্লার্কের ৪৯ রান ছাড়া অস্ট্রেলিয়া দলে বলার মতো কোনো স্কোর নেই। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার পড়ে ১৩ রান। কিন্তু ওভারের চতুর্থ বলে ক্রিস্টোফার পফুর বলে মাইকেল ক্লার্ক বোল্ড হয়ে গেলে অস্ট্রেলিয়ার জয়ের আশা ধূলিসাত্ হয়ে যায়। জিম্বাবুয়ের পক্ষে প্রসপার উতসেয়া ২৭ রানে ২ উইকেট সংগ্রহ করেন।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে ১৭৩/৭ (২০ ওভার)চিগুম্বুরা ৭৬, এরউইন ৩৯জনসর ৪/২৭অস্ট্রেলিয়া ১৭২/৭ (২০ ওভার)ওয়ার্নার ৭২, ক্লার্ক ৪৯উতসেয়া ২/২৭(জিম্বাবুয়ে ১ রানে জয়ী)