জিম্বাবুয়েকে ‘স্বাগত’ জানাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন শেষেজিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৪/২প্রথম দিনের খেলা শেষ হয় হয়। প্রেসবক্সের ছাদে পাশাপাশি বসে খেলা দেখছেন জিম্বাবুয়ের স্বর্ণযুগের দুই খেলোয়াড় অ্যালিস্টার ক্যাম্পবেল ও ‘পমি’ মবংওয়া। মুখে চওড়া হাসি। হাসবেন না তো কী! ডান দিকে স্কোরবোর্ড। সেটি দেখাচ্ছে ২ উইকেটে ২৬০। এটা নিশ্চয়ই প্রত্যাশার অতীত? ক্যাম্পবেলের মুখের হাসিটা আরও চওড়া হলো।নির্বাচক কমিটির প্রধান। তার চেয়েও বড় কথা, জিম্বাবুয়ের টেস্ট প্রত্যাবর্তনে সবচেয়ে বড় ভূমিকা তাঁর। হিথ স্ট্রিককে জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরে আসার কথা জিজ্ঞেস করুন। তিনি বলবেন, ‘অ্যালিস্টারের ফোন পেয়েই আমি ফিরেছি।’ গ্রান্ট ফ্লাওয়ারেরও একই গল্প। তিন ভূমিকায় তাঁরা তিনজন তৃপ্তি ভরে দেখলেন, বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ যেন ফিরে গেছে সেই ২০০১ ও ২০০৪ সিরিজে। জিম্বাবুয়েতে আগের দুটি টেস্ট সফরেও কি প্রথম দিন শেষে এমন অসহায়-রক্তশূন্য দেখাচ্ছিল বাংলাদেশকে!টস নিয়ে দুই দলেই কাঁপাকাঁপি ছিল। অপরিচিত কন্ডিশনের কারণে বাংলাদেশ দলে বেশি। এর মধ্যে এই ম্যাচ সম্প্রচারকারী টিভির লোকজন মারফত খবর ছড়িয়ে পড়ল, উইকেটে মরা ঘাস দেখা গেলেও এর নিচেই তাজা ঘাস আছে। রোল করে তা চাপা দেওয়া হয়েছে। দুই দলেরই নার্ভাস আর নার্ভাসনেসটা ব্যাটিংয়েই বেশি থাকে। কোনো দলই তাই ব্যাটিং করতে চায়নি। সাকিব টস জেতার পর বাংলাদেশের ড্রেসিংরুমে তাই ছড়িয়ে পড়ল স্বস্তির সুবাতাস।দিনশেষে মনে হচ্ছে, টসটা হারলেই বোধ হয় ভালো হতো। টসে হেরে ব্যাটিং পেয়ে ব্রেন্ডন টেলর তো বলেই দিয়েছিলেন, জিতলে তিনিও ফিল্ডিং করতেন। ‘গুড টস টু লুজ’ মনে হতে একদমই সময় লাগেনি তাঁর।আদর্শ ব্যাটিং উইকেট। তবে এতে বাংলাদেশ ব্যাটিং করলে দিনশেষে স্কোরবোর্ডটা বোলারদের এমন দীর্ঘশ্বাসের গল্প বলত কি না, কে জানে! ব্যাটসম্যানদের যা ফর্ম, তাতে প্রথম ঘণ্টায়ই হয়তো পড়ে যেত তিন-চারটি উইকেট!ব্যাটিং উইকেট ঠিক আছে, কিন্তু টেস্ট ম্যাচে প্রথম এক ঘণ্টায় যেকোনো উইকেটে যা থাকে, সেটি ছিল এখানেও। কিন্তু সেটিকে কাজে লাগাতে তো জায়গামতো বোলিং করা চাই। কিন্তু বাংলাদেশের তিন পেসার যেন দায়িত্ব নিলেন জিম্বাবুয়েকে টেস্ট ক্রিকেটে ‘ওয়েলকাম ব্যাক’ বলার। একটা বল এখানে তো পরেরটা ওখানে। টেস্ট ক্রিকেটে নতুন বল মহার্ঘ্য জিনিস। যত বেশি সম্ভব ব্যাটসম্যানদের খেলাতে হয়। সেটি করতেই ব্যর্থ বোলাররা। রবিউল দু-তিনটা দুর্দান্ত বল করলেন। কিন্তু একটা ভালো বল করেন তো পরেরটাই হাফ ভলি। ২ ওভারে ১৫ রান দেওয়ার পরই তাই তাঁকে সরিয়ে নিলেন সাকিব। শফিউলের বোলিং বিশ্লেষণ দেখে মনে হতে পারে, ব্যাটসম্যানদের কী পরীক্ষাই না নিয়েছেন! আসলে তাঁর মিতব্যয়িতার রহস্য হলো, নতুন বলেও ব্যাটসম্যানকে খেলানোর চেষ্টা না করে নিরাপদ জায়গায় বল করে গেছেন। ১৪ মাসের অনভ্যাসে টেস্ট আর ওয়ানডের পার্থক্য যেন ভুলেই গেছেন!সারা দিনে দুটি উইকেট। বোলার অনেক পুণ্য করলে এমন বলে উইকেট পায়। কাল সেই পুণ্যবান রুবেল হোসেন। অফ স্টাম্পের অনেক বাইরের বলে চালিয়ে তাঁকে উইকেট দুটি উপহার দিয়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার।কিন্তু কাজের কাজটা করে গেছেন এর আগেই। ছয় বছর আগে সর্বশেষ টেস্ট ম্যাচ। ওপেনারদের একজন টিনোটেন্ডা মায়োয়োর তো টেস্ট অভিষেকই হলো। জিম্বাবুয়ের ওপেনাররা তা বুঝতেই দিলেন না। উদ্বোধনী জুটিতে ১০২। যদিও জুটিটা শেষ হতে পারত শূন্য রানেই। কিন্তু মায়োয়োকে নিশ্চিত রান আউটের সুযোগ পেয়েও এলোপাতাড়ি থ্রো করেন রুবেল। সেঞ্চুরি পার্টনারশিপ হতেই প্রেসবক্সে জিম্বাবুইয়ান সাংবাদিক সবাইকে মনে করিয়ে দিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম দিনে উদ্বোধনী জুটিতে ১০০ রান করেছিলেন কেভিন আরনট ও গ্রান্ট ফ্লাওয়ার। পুনরাভিষেক টেস্টে উদ্বোধনী জুটিতে ১০২।পেসাররা যেমন ভোঁতা, বাংলাদেশের দুই বাঁ হাতি স্পিনারও তা-ই। বড় দৈর্ঘ্যের ম্যাচের আবদুর রাজ্জাককে নিয়ে সব সময়ই বড় প্রশ্ন আছে। জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ ওয়ানডেতে মাত্র ১৫.৮৮ গড়ে তাঁর ৫৩ উইকেট, ম্যাচে ৫ উইকেট আছে তিনবার। সেই রাজ্জাকের ৮ টেস্টে মাত্র ১৬ উইকেট, গড় ৬৭-এরও বেশি। ওয়ানডেতে ভীতিকর রাজ্জাককে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সহজেই খেললেন। বোলিং নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সাকিবকেও তা-ই।লাঞ্চের পর আধঘণ্টা বাদ দিলে ব্যাটসম্যান বনাম বোলার লড়াই-ই তো উধাও। ওই সময়ে তিন-তিনবার উইকেট পড়ার সম্ভাবনা জেগেও একটাও পড়েনি। রবিউলের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ ফেললেন ইমরুল কায়েস। আরেকবার সিবান্দার ক্যাচ দ্বিতীয় স্লিপে পৌঁছেনি। মাসাকাদজার ইনসাইড এজটাকে ক্যাচ মনে হলেও উইকেটকিপারের জায়গায় মুশফিকুরের বদলে অ্যালান নট থাকলেও সেটি ধরতে পারতেন কি না সন্দেহ!‘১০২’ এদিন বাংলাদেশের দুর্ভোগের নাম। শুরুতে ১০২ রানের উদ্বোধনী জুটি। শেষে অসমাপ্ত তৃতীয় উইকেটে হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরেরও ১০২। ১০ বছর আগে এই মাঠেই অভিষেকে সেঞ্চুরি করা মাসাকাদজা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ১২ রান দূরে দাঁড়িয়ে।বাংলাদেশ দল দাঁড়িয়ে কিসের সামনে? জয়ের চেয়ে পরাজয় বাঁচানোর চিন্তাই কি বড় এখন? একটু ধৈর্য ধরাই ভালো। কারণ, ক্রিকেট বড় বেশি রং বদলায়। আর টেস্ট ম্যাচের প্রথম দিন তো ঢাউস উপন্যাসের প্রথম পরিচ্ছেদ মাত্র। কাহিনির মাত্র শুরু। তবে সেই প্রথম পরিচ্ছেদে বাংলাদেশের ভালো লাগার মতো একটি অনুচ্ছেদও নেই!