জিম্মি নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সোমালীয় জলদস্যুদের হাত থেকে এমভি জাহান মণি জাহাজের নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জিম্মি হওয়া নাবিকদের পরিবারের সদস্যরা।আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান জিম্মি নাবিকদের পরিবারের সদস্যরা।‘জলদস্যুদের হাত থেকে আমার ছেলেকে বাঁচান’, ‘আমার স্বামীকে বাঁচান’—ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে জিম্মি ব্যক্তিদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।জিম্মি ইঞ্জিন ক্যাডেট শাহরিয়ার রাব্বির মা বিলকিস রহমান বলেন, চার-পাঁচ দিন পরে জাহাজের খাবার ফুরিয়ে যাবে। সরকার ও জাহাজের মালিককে এ সময়ের মধ্যে তাঁদের উদ্ধারে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় তাঁরা বাঁচতে পারবেন না।এ সময় জাহাজের তৃতীয় কর্মকর্তা কামরুল হোসেনের স্ত্রী মিনা পারভীন ও ছেলে মইন হাসান এবং নাবিক জসিম উদ্দিনের বড় ভাই নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এমভি জাহান মণি। জাহাজে ২৫ জন বাংলাদেশি নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী রয়েছেন। জাহাজটি এখন সোমালিয়ার উপকূলে রয়েছে।