জিম্মি প্রেসিডেন্টকে উদ্ধার করল ইকুয়েডরের সেনাবাহিনী
ব্যাপক গুলিবিনিময়ের পর বিদ্রোহী পুলিশের কাছ থেকে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে প্রেসিডেন্ট প্রাসাদে নিয়ে যায়। কিছুক্ষণ পর কোরেয়া প্রাসাদের করিডরে হাজির হন। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উপস্থিত হাজার হাজার উৎফুল্ল সমর্থকদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি তাঁর শাসনামলের সবচেয়ে খারাপ দিন পার করলেন।ইকুয়েডরে আইন করে সুযোগ-সুবিধা কমানোর প্রতিবাদে পুলিশের সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশের ওই বিক্ষুব্ধ অবস্থার সময় প্রেসিডেন্ট কোরেয়া একটি টিয়ার শেলের বিস্ফোরণে অসুস্থ হয়ে পড়েন। এরপর বিদ্রোহী পুলিশ সদস্যরা প্রেসিডেন্টকে একটি হাসপাতালে জিম্মি করে রাখেন। আজ শুক্রবার পুলিশের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের পর তাঁকে হুইল চেয়ারে করে গোপনে সরিয়ে নেওয়া হয়। তাঁকে উদ্ধার করার পরও ওই এলাকায় গোলাগুলি চলে।প্রেসিডেন্ট ও তাঁর সমর্থকেরা পুলিশের এই অস্থিতিশীল কর্মকাণ্ডকে অভ্যুত্থানের চেষ্টা বলে অভিহিত করেছেন।প্রেসিডেন্ট রাফায়েল জানিয়েছেন, হাসপাতালে গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় একজন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। সেখানে পুলিশের বিরুদ্ধে দ্বিতীয় সেনা অভিযান এখনো চলছে।সুবিধা খর্বের আইনের বিরুদ্ধে নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা ক্ষোভ প্রকাশ করতে সারা দেশে সড়ক অবরোধ করে। পুলিশ বেশ কিছু সময়ের জন্য ইকুয়েডরের কিটো বিমানবন্দরের নিয়ন্ত্রণও গ্রহণ করে। রাজধানীসহ বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পেরু ও কলম্বিয়া ইকুয়েডরের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয় । উদ্ধারের পর রাজধানী কিটোয় প্রধান সেনানিবাসে প্রেসিডেন্ট কোরেয়া এক আবেগঘন ভাষণ দেন।—বিবিসি