২৬ নাবিকসহ জাহাজ এমভি জাহান মনির ছিনতাই হওয়া এবং আফগানিস্তানে সাত বাংলাদেশিকে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে সরকারের ব্যর্থতার সমালোচনাও করেছে দলটি। বিএনপির অভিযোগ, এ ঘটনায় সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতা প্রকাশ পেয়েছে।আজ বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে এঁদের উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর সোমালীয় জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ছিনতাই করে। আর ১৭ ডিসেম্বর আফগানিস্তানে সামওয়ান কোম্পানির হয়ে চাকরি করতে যাওয়া সাতজন বাংলাদেশিকে অপহরণ করা হয়। তাঁদের মধ্যে একজন নিহত হন।বিএনপির মহাসচিব বলেন, এক মাস হতে চলল অথচ এমভি জাহান মনির বাংলাদেশিদের উদ্ধারে সরকার চরম উদাসীনতার পরিচয় দেওয়া হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তিনি বলেন, সরকারের দায়িত্ববোধ থাকলে এবং কার্যকর ও সময়োচিত পদক্ষেপ নিলে জাহান মনির বাংলাদেশিদের উদ্ধার করা সম্ভব হতো।খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, আফগানিস্তানে জঙ্গিদের দ্বারা অপহূত সাতজন বাংলাদেশির মধ্যে একজন নিহত হওয়ার পরও সরকারের টনক নড়েনি। সরকারের স্থবিরতা এবং কূটনৈতিক তত্পরতার অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হয়, দেশের ভেতরে এবং বিদেশেও বাংলাদেশিদের জীবনের নিরাপত্তার বিষয়ে সরকার অমনোযোগী ও দায়িত্বহীন।’