জিম্মি ২৬ নাগরিক উদ্ধার হয়নি, শুধু সান্ত্বনা ও অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ২৬ বাংলাদেশি ১৭ দিনেও উদ্ধার হয়নি। এ ব্যাপারে সরকার ও জাহাজের মালিকের পক্ষ থেকে শুধু সান্ত্বনা ও অঙ্গীকারের কথা শোনানো হয়েছে। সরকারের পক্ষ থেকে গতকালও বলা হয়েছে, জিম্মি ২৬ নাগরিককে যত শিগগির সম্ভব দেশে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বৈঠকে বলা হয়, জিম্মিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। সংস্থাগুলোর পক্ষ থেকে বাংলাদেশকে এটা বলে আশ্বস্ত করা হয়েছে যে, আন্তর্জাতিক আইন মেনে জিম্মিদের নিরাপদে দেশে ফেরানোর ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে। আন্তমন্ত্রণালয় বৈঠকে আরও বলা হয়, সংশ্লিষ্ট সবাই, বিশেষ করে জিম্মিদের পরিবারগুলোকে সরকার এটা বলে আশ্বস্ত করতে চায় যে, যত শিগগির সম্ভব সমস্যার নিষ্পত্তির মাধ্যমে তাঁদের উদ্ধার করে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার ছাড়াও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও জাহাজের মালিক উপস্থিত ছিলেন।মালিকপক্ষের দাবি: জলদস্যুদের কবলে পড়া ‘জাহান মণি’র মালিকানা কর্তৃপক্ষ ব্রেভ রয়েল শিপ ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক মেহেরুল করিম প্রথম আলোকে বলেন, ‘আটকে পড়া নাবিকদের সঙ্গে আজও (মঙ্গলবার) কথা হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। তাঁদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’ জিম্মি উদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, মুক্তিপণের বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে, জানতে চাইলে তিনি মুক্তিপণের প্রসঙ্গটি এড়িয়ে যান। তবে তাঁদের উদ্ধারে কী পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন, তিনি খোলাসা করে কিছু বলতে পারেননি।১২ ডিসেম্বর জিম্মিরা ফোনে তাঁদের আত্মীয়স্বজনকে জানিয়েছিলেন, চার-পাঁচ দিনের মধ্যে খাবার ও পানি শেষ হয়ে যাবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মেহেরুল করিম দাবি করেন, ‘জাহাজে খাবার ও পানি পর্যাপ্ত আছে। আত্মীয়স্বজনকে তাঁরা কী জানিয়েছেন, সেটা আমার জানার নেই।’