জিয়া-এরশাদের আমলের অধ্যাদেশ সংশোধনের সিদ্ধান্ত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে জারি করা ১৭২টি অধ্যাদেশের মধ্যে এখনো যেগুলো কার্যকর, তা প্রয়োজনে পর্যালোচনা করে সংশোধন করতে আইন প্রণয়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আইন পর্যালোচনা করে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করবে। সচিব বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৯১টি অধ্যাদেশ এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত ৮১টি অধ্যাদেশ জারি করা হয়েছে। পরে উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে জারি করা সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়। সচিব বলেন, বাতিল করা এসব অধ্যাদেশের আওতায় যেসব কাজ হয়েছে, সেগুলোর কিছু কিছুকে বৈধতা দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। সে কারণে সরকার এ উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত আইন প্রণয়নের জন্য আগামী ২৩ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।