জিয়া যুদ্ধাপরাধের বিচার সরাসরি বন্ধ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুদ্ধাপরাধের বিচার সরাসরি বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু এই বক্তব্য দেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া নিয়ে ‘বিভ্রান্তিকর প্রচারের’ জবাব দিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে তথ্যমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়, সেগুলো নিয়ে কথা বলেন। এরপর তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনী ও তাদের এ-দেশীয় দোসরদের যুদ্ধাপরাধের বিভিন্ন বিষয় তুলে ধরে বিচার-প্রক্রিয়া নিয়ে বিএনপি-জামায়াতের বক্তব্য খণ্ডন করেন।৪০ বছর ধরে মানবতাবিরোধী অপরাধের বিচার কেন করা হয়নি—বিরোধীদের এমন বক্তব্য খণ্ডন করে হাসানুল হক ইনু বলেন, ‘যাঁরা বলেন যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়া হয়নি, এটি ঠিক নয়। ১৯৭২ সালে কোলাবরাটরস স্পেশাল ট্রাইব্যুনালস অর্ডার জারি করার পর যুদ্ধাপরাধের বিভিন্ন অভিযোগে ৩৭ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০ থেকে ১২ হাজার জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনসহ সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়।’ তথ্যমন্ত্রী আরও বলেন, তখন বিচারের জন্য ৭৩টি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ওই সব ট্রাইব্যুনালে বিচার শেষে ২২ জনকে মৃত্যুদণ্ড, ৬৮ জনকে যাবজ্জীবন ও ৭৫২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন বলে যে কথা বিরোধীরা বলেন, তা খণ্ডন করে তথ্যমন্ত্রী বলেন, ৩৭ হাজারের মধ্যে যে ১০ থেকে ১২ হাজার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল, ট্রাইব্যুনালগুলোতে তাদের বিচার চলছিল। শুধু রাজনৈতিক কারণে যাঁরা পাকিস্তানের পক্ষে ছিলেন, কিন্তু কোনো ধরনের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, শুধু এমন ২৩ হাজার মানুষকে সাধারণ ক্ষমা করেছিলেন বঙ্গবন্ধু। তথ্যমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসন জারি করা হয়। এক প্রজ্ঞাপনের মাধ্যমে কোলাবরাটরস স্পেশাল ট্রাইব্যুনালস অর্ডার বাতিল করে দেওয়া হয়। এতে যুদ্ধাপরাধের বিচারের প্রাথমিক উদ্যোগ ব্যাহত হয়। তিনি আরও বলেন, ‘জিয়া বিচারের কাজ সরাসরি বন্ধ করে দেন। আইনটি বাতিল করে দেন। যে ১০ থেকে ১২ হাজার বন্দী যুদ্ধাপরাধের নানা অভিযোগে অভিযুক্ত হয়ে বিচারাধীন অবস্থায় কারাগারে ছিলেন, তাঁদের মুক্ত করে দেওয়া হয়।’জিয়াউর রহমানের পর এরশাদও যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। বঙ্গবন্ধু ও চার নেতা হত্যার বিচারকাজ শুরু করা হয়। ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার একাত্তরের মানবতাবিরোধীদের অপরাধের বিচারকাজ শুরু করেন।