জিয়াউর রহমান জেলহত্যার সঙ্গে জড়িত: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আজ বুধবার জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে নিহত তিন নেতার কবরে শ্রদ্ধা অর্পণ শেষে তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, অতীতে রাষ্ট্রের শীর্ষপর্যায় থেকে ন্যায়বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে জেলহত্যার সুবিধা ভোগকারী অভিহিত করে বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর স্বামী জিয়াউর রহমান কখনো জেলহত্যার বিচার চাননি।’ জেলহত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তিনি কেবল সংশ্লিষ্ট আইনজীবীদের নয়, মূল চক্রান্তকারীদেরও বিচার দাবি করেন। সৈয়দ আশরাফ আরও বলেন, ‘মূল চক্রান্তকারীরাই তো জিয়াউর রহমান, তাঁরাই তো খালেদা জিয়া।’ তিনি জানান, খুব শিগগির জেলহত্যা মামলা পুনর্বিচারের কাজ শুরু হবে।