জিয়াউর রহমানের খুনি সাংসদ গিয়াসউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মস্বীকৃত খুনি সরকারদলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিনের বিচার চায় জাতি। বর্তমান সরকার যদি জিয়ার হত্যাকারী সাংসদ গিয়াসউদ্দিনের বিচার না করে, তবে জনতার আদালতে তাঁর বিচার হবে।’আজ শুক্রবার সকালে জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরিকুল এ কথা বলেন। স্থানীয় বিএনপি কার্যালয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তরিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে নিজেকে শহীদ জিয়ার হত্যাকারী বলে দাবি করেছেন সাংসদ গিয়াসউদ্দিন। জাতি তাঁর বিচার চায়।বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমানে শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে ছাত্রদলের ওপর গুলি চালানো চেষ্টা করেছে। শিক্ষাঙ্গনে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে। এমনকি তাঁদের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে। এ সরকারের পদত্যাগ দাবি করছি। নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি।’এ ছাড়া বিএনপি ও তার অঙ্গসংগঠনের আটক ২৩ নেতা-কর্মীর মুক্তি দাবি করেন তরিকুল ইসলাম। নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হলে আন্দোলনের মাধ্যমে তাঁদের মুক্ত করা হবে বলে ঘোষণা দেন তিনি।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অপর্ণা রায়, যুবদল আহ্বায়ক মোকাররম হোসেন, বিএনপির নেতা আরশাদ হোসেন প্রমুখ।