জিয়াবাও পরিবারের অঢেল সম্পত্তি
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের মা দেশের উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গত বছর এক বক্তৃতায় জিয়াবাও বলেছিলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন আমার পরিবার ছিল খুবই গরিব।’জিয়াবাও এখন দেশের প্রধানমন্ত্রী। বাবা বেঁচে নেই। ৯০ বছর বয়সী মা ইয়াং ঝিয়ুন অঢেল সম্পত্তির মালিক। নথিপত্র অনুযায়ী, পাঁচ বছর আগে শুধু একটি কোম্পানিতে তাঁর বিনিয়োগের পরিমাণ ছিল ১২ কোটি মার্কিন ডলারের। আর জিয়াবাওয়ের পরিবারের লোকজনের সম্পত্তির পরিমাণ এখন ২৭০ কোটি মার্কিন ডলারের।‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বিধবা ইয়াং ঝিয়ুন কীভাবে এত সম্পত্তির মালিক হলেন, তা জানা যায়নি। কিংবা তাঁর নামে যে এত বিনিয়োগ আছে, সেটা তিনি নিজে জানেন কি না, তা-ও অস্পষ্ট। কিন্তু তাঁর এই সম্পত্তি জমেছে ছেলে জিয়াবাও দেশের ক্ষমতাসীন দলের নেতৃত্বে যাওয়ার পর। জিয়াবাও ১৯৯৮ সালে প্রথমে উপপ্রধানমন্ত্রী হন। এরপর পাঁচ বছর পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, জিয়াবাও নেতৃত্বে যাওয়ার পর তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ও ছোট ভাইসহ পরিবারের সদস্যরা বিপুল অর্থের মালিক হয়েছেন। তাঁদের সবার মোট সম্পত্তির মূল্য ২৭০ কোটি মার্কিন ডলার। বেশির ভাগ ক্ষেত্রে এই অর্থ এসেছে অবৈধ মধ্যস্থতার মাধ্যমে। অনেক ক্ষেত্রে তাঁরা সম্পত্তি গোপন করেছেন বন্ধুবান্ধব, সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের নাম ব্যবহার করে। অর্থ বানাতে তাঁরা সহায়তা পেয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। সেইসব অর্থ বিনিয়োগ করা আছে ব্যাংক, জুয়েলারি, পর্যটন ও টেলিযোগাযোগ খাতে।দেশের বৃহত্তর বিভিন্ন ব্যবসা খাতে বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে প্রধানমন্ত্রী জিয়াবাওয়ের হাতে। দেখা গেছে, ওইসব খাতেই বিনিয়োগ করা আছে তাঁর পরিবারের সদস্যদের অর্থ। যেকোনো কোম্পানির শেয়াবাজারে তালিকাবদ্ধ হতে যে সংস্থার অনুমোদন লাগে, সেটির দায়িত্বে আছেন জিয়াবাও। এছাড়া জ্বালানি ও টেলিযোগাযোগের মতো কৌশলপূর্ণ খাতে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব রাখার আইনি এখতিয়ারও প্রধানমন্ত্রী রাখেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, বিনিয়োগ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্ত থেকে লাভবান হচ্ছে তাঁর পরিবারের সদস্যদের বিনিয়োগ প্রতিষ্ঠান।যেমন ২০০৩ সালের বিশ্বের বিভিন্ন দেশে সার্স সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিত্সা বর্জ্য ব্যবস্থাপনা আরও কঠোর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর ফলে দেশের বড় শহরগুলোতে চিকিত্সা বর্জ্য অপসারণ এবং ব্যবহূত পানি সংশোধনের ব্যবস্থা করা হয় নতুন করে। তিন কোটি মার্কিন ডলারের কাজটি পায় প্রধানমন্ত্রী জিয়াবাওয়ের ছোট ভাইয়ের কোম্পনি। নিউইয়র্ক টাইমস।