জিরো পয়েন্ট-বুড়িগঙ্গা সেতু ফ্লাইওভারের কাজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিরো পয়েন্ট (জিপিওর সামনে) থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত ফ্লাইওভার (উড়াল সেতু) নির্মাণের কাজ চলতি বছরই শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উত্থাপন করা হবে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিকে এ কথা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।কমিটির সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, কমিটি মনে করছে, জিপিওর সামনে থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হলে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যারা ঢুকবেন, তাঁরা ও পুরোনো ঢাকার বাসিন্দারা যানজটের হাত থেকে মুক্ত হবেন। তিনি আরও বলেন, এ উড়াল সেতুর নির্মাণের কাজ দ্রুত শুরু করার ব্যাপারে পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানও যথেষ্ট আগ্রহী। রাজউকের উদ্যোগে এ উড়াল সেতু নির্মাণ করা হবে বলে তিনি জানান।জানা গেছে, সভায় কমিটির আগামী বৈঠকের আগেই রিয়েল এস্টেট ডেভেলপার বিধিমালা-২০১১ চূড়ান্ত করার সুপারিশ করা হয়। কমিটির সভায় এ বিধিমালা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সভায় রাজউকের ফ্ল্যাট বরাদ্দ নীতিমালার খসড়া নিয়ে আলোচনা করা হয়।সভায় কমিটির সদস্য প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও হুইপ নূর-ই-আলম চৌধুরী ছাড়াও আব্দুছ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, কে এম খালিদ, সাফিয়া খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আরও জানানো হয়, এ উড়াল সেতুর প্রকল্প-প্রস্তাবনা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে।