জিরো পয়েন্ট-সদরঘাট সড়ক মুক্ত রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন ও লোকজনের চলাচলের সুবিধার্থে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা মুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই রাস্তা ও ফুটপাতের ওপর চলাচলে প্রতিবন্ধকতাকারী ভ্যান বা ঠেলাগাড়ি স্ট্যান্ড, নির্মাণসামগ্রী ও মালামাল অপসারণ বা উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি পর রুল জারির পাশাপাশি ওই আদেশ দেন।আদেশে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা বা ফুটপাতের ওপর বালু, রড বা কোনো পণ্য রাখা, ভ্যান বা ঠেলাগাড়ি না রাখা হয়, সে জন্য ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়। একই সঙ্গে রাস্তার পাশে দোকানগুলোর পণ্যসহ ফুটপাত বা রাস্তা দখল করে দোকান ও ফেরিওয়ালা না বসতে পারে, সে ব্যবস্থাও নিতে বলা হয়েছে।ঢাকা জজ কোর্টের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ট্রাফিক জ্যামের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিট আবেদনটি করেন।রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যুগ্ম কমিশনার (ট্রাফিক), ডিসি (দক্ষিণ), ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক (দক্ষিণ), ঢাকা জেলা প্রশাসক, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।