জিল্লুর রহমানের কুলখানি অনুষ্ঠিত
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ শনিবার বাদ আসর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এতে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাসহ সর্বস্তরের হাজারো মানুষ শরিক হন।বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, কুলখানির আগেই সাততলা মূল মসজিদসহ বায়তুল মোকাররমের আশপাশের এলাকা হাজার হাজার শোকার্ত মানুষে পূর্ণ হয়ে যায়।প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, বিদেশি কূটনীতিক, তিন বাহিনীর প্রধান এবং সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ মিলাদ মাহফিলে অংশ নেন।বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহউদ্দিন মিলাদ মাহফিল পরিচালনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় দেশের অব্যাহত শান্তি এবং অগ্রগতি কামনা করা হয়।মিলাদের শুরুতে জাতীয় মসজিদের খতিব বলেন, কুলখানিতে এত বিশাল জমায়েতের ঘটনা বিরল। এতে প্রমাণিত হয়, দলমত-নির্বিশেষে সব মানুষ প্রয়াত রাষ্ট্রপতিকে ভালোবাসতেন। গত বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন ৮৪ বছর বয়সী জিল্লুর রহমান। গতকাল শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও ইসলামি রীতি অনুযায়ী তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।