জিল্লুর রহমানের মৃত্যুতে কলকাতায় শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে আজ শুক্রবার বিকেলে এক শোকসভার আয়োজন করা হয়। এতে কলকাতার বিশিষ্টজনেরা জিল্লুর রহমানের জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণা করেন।বক্তারা বলেন, জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর। তিনি ছিলেন সত্ ও আদর্শবান। জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ একজন অভিভাবক হারাল বলেও তাঁরা মন্তব্য করেন। সভার শুরুতে জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপহাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলকাতায় বিদেশি বিভিন্ন মিশনের কূটনীতিকেরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব আবদুল করিম, সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত, সনত্ মুখোপাধ্যায় প্রমুখ।এর আগে জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কলকাতার উপহাইকমিশনে একটি শোকবই খোলা হয়। এতে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিবসহ কলকাতার বিশিষ্টজনেরা স্বাক্ষর করেন।