জিসিইউর আচার্য হলেন ড. ইউনূস
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির (জিসিইউ) আচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্যালটায়ার সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাঁকে আচার্য হিসেবে বরণ করা হয়। ঢাকার ইউনূস সেন্টার থেকে গতকাল এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য অতিথি যোগ দেন। এর আগে নতুন আচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পোশাক পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।স্যালটায়ার সেন্টারের অনুষ্ঠানে ড. ইউনূসের মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপেরা গায়িকা মনিকা ইউনূসও ছিলেন। অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করেন। স্কটল্যান্ডের শিক্ষামন্ত্রী মাইক রাসেল, জিসিইউর অধ্যক্ষ ও উপাচার্য পামেলা গিলিস এবং স্টুডেন্ট প্রেসিডেন্ট কারলা ফাইফে অনুষ্ঠানে বক্তব্য দেন।ড. ইউনূস তাঁর বক্তব্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার সুবাদে তরুণদের সঙ্গে তাঁর কাজ করার আরও সুযোগ তৈরি হলো। তিনি বলেন, আচার্য হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে নিজের অভিজ্ঞতার কথা বলতে চান। তিনি বোঝাতে চান, তিনি যা করেছেন, তা নতুন কিছু নয় এবং এই তরুণ প্রজন্ম চেষ্টা করলেই তা করতে পারে।