জিসিএমের মালয়েশীয় উপদেষ্টা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পের কয়লা উত্তোলন এবং সেখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদনের চেষ্টায় এবার বিতর্কিত ব্রিটিশ কোম্পানি জিসিএম রিসোর্সেস মালয়েশীয় এক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছে। মালয়েশিয়ার ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান মেটিয ক্যাপিটাল নামের এই প্রতিষ্ঠানকে সম্প্রতি জিসিএম ফুলবাড়ী প্রকল্পের জন্য উপদেষ্টা নিয়োগ করেছে। আরেক ঘোষণায় জিসিএম জানিয়েছে, ফুলবাড়ী প্রকল্পের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের আলোচনা পুনরায় শুরু হয়েছে।জিসিএম গত ২১ ফেব্রুয়ারি মেটিয ক্যাপিটালের সঙ্গে তাদের সমঝোতার বিষয়টি লন্ডন স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে। একই দিনে প্রকাশিত কোম্পানির অর্ধবার্ষিক হিসাব বিবৃতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার বিষয়টি তুলে ধরা হয়।গত সপ্তাহে ঢাকায় ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে যে ইতিবাচক মন্তব্য করেন, তা জিসিএমের বিনিয়োগকারীদের উজ্জীবিত করেছে বলে লন্ডন স্টক মার্কেট সূত্রে জানা গেছে।মালয়েশিয়ার মেটিয ক্যাপিটাল একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলেও এ ক্ষেত্রে তাদের সঙ্গে জিসিএমের চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের অনুমোদনের জন্য পরামর্শকের ভূমিকা গ্রহণের। এ কাজের জন্য জিসিএমের ২৫ লাখ শেয়ার মেটিয ক্যাপিটালকে দেওয়া হবে। তবে প্রকল্পের অনুমোদন না হলে ওই চুক্তি বাতিল হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চুক্তিটি এক বছর বহাল থাকবে।জিসিএমের বিবৃতিতে আরও বলা হয়, মেটিয ক্যাপিটাল এশিয়ার বিভিন্ন দেশে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতার অধিকারী। তবে প্রথম আলোর অনুসন্ধানে জিসিএমের ওই দাবির সমর্থনে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় মেটিয ক্যাপিটাল ঠিক কী ধরনের পরামর্শসেবা দেবে, সে বিষয়ে জানার জন্য জিসিএমের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, মেটিয ক্যাপিটালের প্রধান নির্বাহী হলেন মাইকেল ভি মুন ট্যাং। তিনি আন্তর্জাতিক অধিগ্রহণ ও কোম্পানি বিষয়ে একজন বিশেষজ্ঞ আইনজীবী। মেটিয ক্যাপিটালের বড় ধরনের বিনিয়োগ সাফল্যের কোনো রেকর্ড নেই। মুন ট্যাংয়ের প্রথম বড় উদ্যোগ ছিল অ্যাডভান্স মডিউলস গ্রুপ লিমিটেড, যা ২০০৫ সালের দিকে বিলুপ্ত করে দেওয়া হয়। ২০১০-১১ সালে মেটিয ক্যাপিটাল মালয়েশিয়ার ‘কেএনএম’ নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণের উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয় বলে সে দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে মুন ট্যাং মালয়েশিয়ার একটি বৃহৎ নির্মাতা প্রতিষ্ঠান দিজায়া করপোরেশনের একজন স্বাধীন পরিচালক। দিজায়া করপোরেশনের ওয়েবসাইটে অবশ্য তাঁকে শিল্প, প্রকৌশল, নির্মাণশিল্প, বিদ্যুৎ উৎপাদন, বীমাসহ শিল্প-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বলে বর্ণনা করা হয়েছে। মুন ট্যাংয়ের সঙ্গে কথা বলার জন্য দিজায়া করপোরেশনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।জিসিএম প্রায় এক দশক ধরে ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পে খনন শুরুর সরকারি অনুমোদন লাভের চেষ্টা করছে। কোম্পানিটি এর আগে এশিয়া এনার্জি নামে পরিচিত ছিল এবং তারা ফুলবাড়ী ও বাংলাদেশের জাতীয় পর্যায়ে তুমূল বিরোধিতা ও প্রতিকূলতার সম্মুখীন হয়। ২০০৩ সালে এশিয়া এনার্জি জিসিএম রিসোর্সেসে রূপান্তরিত হয়। পরের বছর কোম্পানিটি লন্ডন স্টক এক্সচেঞ্জের সহযোগী প্রতিষ্ঠান অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) তালিকাভুক্ত হয়। স্টক এক্সচেঞ্জের বিধিমালা ও কোম্পানি আইন অনুসারে জিসিএমকে নিয়মিত হিসাব প্রকাশ এবং পরিচালকদের শেয়ার ধারণের ক্ষেত্রে পরিবর্তনের আগে শেয়ারবাজারে প্রভাব ফেলতে পারে, এমন স্পর্শকাতর সব তথ্য প্রকাশ করতে হয়।জিসিএমের গত ডিসেম্বর পর্যন্ত সময়ের অর্ধবার্ষিক প্রতিবেদনে কোম্পানির চেয়ারম্যান জেরার্ড হোল্ডেন জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি সময়ের পর ফুলবাড়ী প্রকল্প আবারও আলোচনায় ফিরে এসেছে। জ্বালানি উপদেষ্টা, জ্বালানি প্রতিমন্ত্রী ছাড়াও বিষয়টি নিয়ে তাঁরা অর্থ, পরিবেশ ও ভূমিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এর ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ জানানো সম্ভব হয়েছে। চেয়ারম্যানের এই বিবৃতিতে দাবি করা হয়েছে যে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ স্থাপিত হয়েছে। যাঁরা এই প্রকল্পের বিরোধিতা করে প্রতিবাদের ডাক দিয়েছেন, তাঁদের সেই আহ্বানে অংশগ্রহণ ছিল খুব কম।এদিকে, ২০০৪ ও ২০০৬ সাল থেকে জিসিএমের পরিচালক ছিলেন এমন দুজন—বিল ম্যাকিনটোশ ও গ্রাহাম ট্যাগার্ট—কোম্পানি ছেড়ে গেছেন বলে চেয়ারম্যান বিবৃতিতে জানিয়েছেন। বিবৃতিতে ২০১২ সালের শেষ ছয় মাসে কোম্পানি ২১ লাখ ৭২ হাজার পাউন্ড (প্রায় ২৪ কোটি টাকা) লোকসান দিয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া, জিসিএমের প্রায় ৩০ শতাংশ শেয়ারের অধিকারী বিনিয়োগ ফান্ড কানাডার পোলো রিসোর্সেসের কিছু শেয়ার মালয়েশিয়ার একজন বিনিয়োগকারীর কাছে বিক্রির কথাও কোম্পানিটি জানিয়েছে। তবে ওই বিনিয়োগকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।৬ মার্চ বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদলকে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদেই কয়লা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং উন্মুক্ত পদ্ধতিতেই কয়লা উত্তোলন করা হবে। অর্থমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত হতে পারছেন না বলে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফলে জিসিএমের শেয়ারের দাম গত শুক্র ও সোমবার দুই দিনই নিম্নমুখী ছিল।ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রকল্পটিই হচ্ছে ব্রিটিশ কোম্পানি জিসিএমের ব্যবসায়িক তৎপরতার মূল ভিত্তি। তাদের হিসাব অনুযায়ী, ফুলবাড়ীতে মজুত কয়লার পরিমাণ ৫৭ কোটি ২০ লাখ টন। বর্তমান বাজারদরে এর দাম চার হাজার ৩০০ কোটি ডলার।