জিয়া, খালেদা সম্পর্কে অশালীন উক্তি করলে ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে জাতীয় সংসদে অশালীন উক্তি করা হলে তাত্ক্ষণিক ওয়াকআউট করবে বিএনপি। আজ বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ মওদুদ আহমদ এ কথা বলেন।মওদুদ আহমদ বলেন, ‘জিয়াউর রহমান সম্পর্কে গতকাল মঙ্গলবার সংসদে অশালীন উক্তি করা হয়েছে। এ ধরনের উক্তি আমাদের নেতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে ফের করা হলে সঙ্গে সঙ্গে ওয়াকআউট করব। তবে আবার ফিরে আসব। প্রতিবাদ করব।’ তিনি বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে খোন্দকার দেলোয়ার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতিবিদদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। তাঁর বিয়োগান্ত ঘটনা আমাদের শোকাহত করেছে। তাঁর শূন্যতা কেবল জাতীয়তাবাদী দলেই নয়, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে শূন্যতা সৃষ্টি করেছে। তিনি খন্দকার দেলোয়ারের ওপর সংসদে আলোচনার দাবি জানান।মওদুদের বক্তব্যের পর স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছি। কারও বিরুদ্ধে খুনের অভিযোগ থাকলে তা অভিযোগ আকারে বলা যায়। কিন্তু আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে খুনি বলা যায় না। খুনি শব্দ এভাবে এসে থাকলে তা পরীক্ষা-নিরীক্ষা করে এক্সপাঞ্জ করা হবে।’ তিনি খন্দকার দেলোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিধি অনুযায়ী খোন্দকার দেলোয়ারের ওপর আলোচনা করা যায় না উল্লেখ করে তিনি জানান, সংসদের আগামী অধিবেশনে তাঁর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ছাপা হবে।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় আজ সরকারি দলের সাংসদেরা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন। তাঁরা বলেন, এ সংসদে যোগ দিয়ে বিরোধীদলীয় নেতা প্রমাণ করেছেন, সংসদ বৈধ। তাঁর বক্তব্য ভুল।অন্যদিকে বিরোধীদলীয় সাংসদেরা সরকারের ব্যর্থতার অভিযোগ করে বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে।আলোচনায় অংশ নিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২১ আগস্টের ঘটনা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। সরকারি দলের আবদুল মান্নান বিরোধীদলীয় সাংসদ মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘২৯ ডিসেম্বরের নির্বাচনে পরীক্ষায় পাস করেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। বরং মওদুদ আহমদ ওবায়দুল কাদেরের সঙ্গে ফেল করে বগুড়ায় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছেন। তিনি বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য খণ্ডন করে বলেন, ড. ইউনূস আদালতের রায়ে গ্রামীণ ব্যাংকের এমডি থাকার বৈধতা হারিয়েছেন।’বিএনপির নজরুল ইসলাম মঞ্জু বলেন, সংসদে অনেক অসংসদীয় শব্দ ব্যবহার করা হচ্ছে। এটা জাতীয় সংসদের মর্যাদার জন্য হানিকর। রাশেদা বেগম প্রশাসনে দলীয়করণের অভিযোগ করেন।চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান বলেন, চোর কোনো দলের নয়। শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, সরকারি বা বিরোধী দলের যে-ই হোক, তার বিচার হওয়া উচিত।আলোচনায় আরও অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী এম শাহজাহান মিয়া, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ আবদুর রহমান, আতিউর রহমান, অপু উকিল এবং বিএনপির শেখ সুজাত মিয়া, রেহানা আক্তার, মোস্তফা আলী প্রমুখ।