জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেননি হাইকোর্ট
হাইকোর্ট আজ বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের করা আবেদনের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। তবে আদালত তাঁদের আবেদন দুটি নথিভুক্ত করেছেন এবং দ্রুত এ মামলার রুল শুনানির জন্য তিন পক্ষকেই নির্দেশ দিয়েছেন।বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতের আদেশ সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আনিসুল হক বলেন, আদালত কোনো স্থগিতাদেশ দেননি। দ্রুত রুল শুনানি করতে তিন পক্ষকেই নির্দেশ দেওয়া হয়েছে।আনিসুল হক বলেন, আদালতের এ আদেশের ফলে আসামিদের বিচারিক আদালতে হাজির হতে হবে। হয়তো পুরোদমে মামলার কার্যক্রম চলবে না। রুল বিচারাধীন থাকায় বিচারিক আদালতে আসামিরা সময়ের আবেদন জানালে দুদকের পক্ষ থেকে আপত্তি জানানো হবে না।আনিসুল হক আরও বলেন, আগামী ৩ মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যেই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে দ্রুত রুল শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।গত ২৭ জানুয়ারি আদালত ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছিলেন। গতকাল শুনানি শেষে আজ আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেন। আদালতে বেগম খালেদা জিয়া ও তারেকের পক্ষে রফিক-উল হক এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আনিসুল হক মামলা পরিচালনা করেন।২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। মামলার কার্যক্রমের স্থগিতাদেশ চেয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান পৃথক আবেদন করেন।