জিয়া অরফানেজ দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পেছানো হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়, এ কথা জানিয়ে তাঁর আইনজীবী সময়ের আবেদন জানান। এ পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন এ তারিখ নির্ধারণ করেন।অপর আসামি তারেক রহমানের পক্ষে তাঁর আইনজীবীর মাধ্যমে হাজিরা দেখানো হয়।এ মামলার আসামিদের মধ্যে খালেদা জিয়া ছাড়া তারেক রহমান, শরফুদ্দিন আহমেদ ও কাজী কামাল জামিনে আছেন। অপর দুই আসামি—কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে গঠিত জিয়া অরফানেজ ট্রাস্টের রেজিস্ট্রেশন করা হয় খালেদা জিয়ার মইনুল রোডের বাসার ঠিকানায়। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তকালে ওই ঠিকানায় ট্রাস্টের কোনো অস্তিত্ব পায়নি। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তিনি প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে সোনালী ব্যাংকের রমনা শাখায় একটি চলতি হিসাব খোলেন। ওই বছরই ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে অনুদান হিসেবে কুয়েতের তত্কালীন আমিরের পাঠানো চার কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা ওই হিসাবে জমা হয়। কিন্তু আড়াই বছরেও ওই টাকা কোনো এতিমখানায় দেওয়া হয়নি। খালেদা জিয়া ও অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা এফডিআর করে পরে ব্যাংক থেকে তুলে আত্মসাত্ করেন। এ অভিযোগে খালেদা জিয়াসহ সাতজনকে আসামি করে দুদক গত ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে।