জিয়া অরফানেজ মামলা: খালেদা ও তারেকের আবেদনের শুনানি ১৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদন দুটির শুনানি হবে ১৯ জানুয়ারি। আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। খালেদা জিয়া ও তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের আবেদন দুটি কার্য তালিকায় ১৬৯ ও ১৭০ ক্রমিক নম্বরে ছিল। আদালত আগামী ১৯ জানুয়ারি আবেদন দুটির শুনানির দিন ধার্য করেন।গতকাল বুধবার প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম আবেদন দুটি শুনানির জন্য বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠান। গত ৬ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য ছিল। এদিন ওই আদালতের শুনানির এখতিয়ার নিয়ে সরকারপক্ষ প্রশ্ন তোলায় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট বেঞ্চ।মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমান গত বছরের ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে পৃথক আবেদন করেন। গত ১৫ অক্টোবর হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করে। এরপর গত বছর ১১ নভেম্বর মামলাটির কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া ও তারেক রহমান।২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করেন। তাতে খালেদা জিয়া এবং তাঁর দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমানসহ সাতজনকে আসামি করা হয়।