জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি ফের পেছাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির তারিখ আবার পেছানো হয়েছে। আদালত আগামী ৫ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন।আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান এ তারিখ ধার্য করেন।গত ৩১ মে এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। আদালত ওই দিন শুনানির জন্য আজকের তারিখ ধার্য করেছিলেন।আজ খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বন্দরনগর চট্টগ্রামে দুর্গতদের মধ্যে ত্রাণ-সহায়তা দেওয়ার জন্য খালেদা জিয়া বর্তমানে সেখানে রয়েছেন।তাই এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছে।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন এ তারিখ ধার্য করেন।খালেদা জিয়া এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন। এ মামলার অন্য আসামিরা হলেন তত্কালীন প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তত্কালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। আসামি হারিছ চৌধুরী পলাতক।গত বছরের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।