জিয়া পরিবারের বিরুদ্ধে ২৬ মামলা
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ২৬টি মামলা রয়েছে।জিয়া পরিবারের বিরুদ্ধে এসব মামলার মধ্যে সাতটি বর্তমান সরকার আমলে করা। বাকিগুলো গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা হয়।আদালতের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচটি এবং তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১৭টি ও ছোট ছেলে আরাফাত রহমান সাতটি মামলার আসামি। এসব মামলার মধ্যে দুটিতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর দুই ছেলেকে এবং একটিতে তারেক ও কোকোকে আসামি করা হয়েছে। এই হিসাবে জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা রয়েছে ২৬টি। মামলাগুলোর মধ্যে বেশির ভাগেরই কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। তার পরও জিয়া পরিবারের আইনজীবী ও দলীয় নেতারা মনে করছেন, সরকার আগামী নির্বাচন সামনে রেখে এসব মামলার কয়েকটির বিচারকাজ দ্রুত শেষ করার তৎপরতা চালাচ্ছে। তাঁদের আশঙ্কা, খালেদা জিয়া ও তারেক রহমানকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটি মামলা গতি পাচ্ছে।গত রাতে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা ও বানোয়াট মামলা চালু করে, তাঁদের শাস্তি দিয়ে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও এটা মোকাবিলা করব।’খালেদার পাঁচ মামলা: জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। গত বছরের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলাটির অভিযোগপত্র গতকাল মঙ্গলবার আমলে নিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। অভিযোগ গঠনের পর মামলাটির বিচারকাজ শুরু হবে।এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনকে আসামি করে ২০১০ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলার অন্য আসামিরা হলেন: সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ অভিযোগ গঠন বিষয়ে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া দুদক বড়পুকুড়িয়া কয়লাখনির ঠিকাদারি কাজে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির অভিযোগে খালেদাসহ ১৬ জনকে আসামি করে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে। তার আগে রাজধানীর তেজগাঁও থানায় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো-সংক্রান্ত দুর্নীতি মামলা এবং একই বছরের ৯ ডিসেম্বর নাইকো-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। এ তিনটি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।তারেকের ১৭ মামলা: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা এবং তাতে ২২ জন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা করে পুলিশ। একটি হত্যা ও আরেকটি বিস্ফোরণ দ্রব্য আইনে করা মামলা। বর্তমান সরকারের আমলে এ দুটি মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়।২০১১ সালের ৩ জুলাই সিআইডির দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তারেক ছাড়াও বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির নেতা হারিছ চৌধুরী, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকসহ ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫২।এর আগে জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে তদন্ত শুরু করে সিআইডি। ২০০৮ সালের ১১ জুন সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়। তাতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) অন্যতম শীর্ষ নেতা মুফতি হান্নান, বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়। তখনকার আসামিদের বেশির ভাগই হুজির সদস্য।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চ আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এখনো তিনি সেখানে অবস্থান করছেন। তাঁকে পলাতক দেখিয়েই ২১ আগস্ট-সংক্রান্ত দুটি মামলার বিচারকাজ চলছে।ইতিমধ্যে ৬৫ জনের সাক্ষ্যজেরা শেষ হয়েছে। ৬৬তম সাক্ষীর জেরা চলছে। এ মামলায় ৪০০ জনের অধিক ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। তবে এঁদের সবাইকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হবে না বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির একাধিক সূত্র মনে করছেন। প্রয়োজনীয় সাক্ষীর জেরা সমাপ্ত হলে আসামিদের সাফাই সাক্ষী হাজির ও যুক্তি-তর্ক পর্যায়ের পর মামলাটি রায়ের পর্যায়ে যাবে। বর্তমানে সপ্তাহে দুই দিন করে মামলাটির বিচারকাজ চলছে।এ ছাড়া দুদক ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা করে। ঢাকা বিশেষ জজ আদালত-৩-এ বিচারাধীন মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।একই আদালতে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় মায়ের সঙ্গে তারেক রহমান আসামি রয়েছেন।বর্তমান সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় গত বছরের ২ অক্টোবর। ঋণখেলাপির অভিযোগে মামলাটি করে সোনালী ব্যাংক। এটা এখন সমন জারির প্রতিবেদন দাখিলের অপেক্ষায় আছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পর তারেক রহমানের বিরুদ্ধে ১২টি মামলা হয়। উচ্চ আদালতের নির্দেশে এসব মামলার কার্যক্রম স্থগিত আছে। এগুলোর মধ্যে আটটি চাঁদাবাজির মামলা। ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় মামলাগুলো করে।এ ছাড়া কাফরুল থানার পুলিশ বাদী হয়ে জরুরি ক্ষমতা আইনে একটি মামলা, দুদক বাদী হয়ে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা (স্ত্রী জোবাইদা রহমানও আসামি), একই বছর বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সাব্বির হত্যা মামলা ভিন্ন খাতে নিতে ঘুষ গ্রহণের অভিযোগে দুদক আরেকটি মামলা করে। পরের বছরের ৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর ফাঁকির অভিযোগে একটি মামলা করে। কোকোর সাত মামলা: সিঙ্গাপুরে ২০ কোটি টাকার বেশি অর্থের অবৈধ লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে সায়মন হোসেনকে আসামি করা হয়। ২০১১ সালের ২৩ জুন এ মামলার রায় হয়। তাতে পলাতক দেখিয়ে কোকোকে ছয় বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়। এরই মধ্যে সম্প্রতি সিঙ্গাপুর থেকে কোকোর পাচার করা অর্থের একটা অংশ দেশে ফিরিয়ে আনা হয়েছে। কোকো তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে ২০১০ সালের ১ মার্চ এনবিআর একটি মামলা করে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোকোর বিরুদ্ধে গুলশান থানায় দুটি চাঁদাবাজির মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক একটি মামলা করে। আর সোনালী ব্যাংকের ঋণখেলাপি মামলায় ভাইয়ের সঙ্গে এবং গ্যাটকো দুর্নীতি মামলায় মায়ের সঙ্গে কোকোও আসামি।জিয়া পরিবারের মামলাগুলো পরিচালনায় যুক্ত একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এ মুহূর্তে খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও তারেকের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত দুটি মামলার প্রতি বেশি নজর রাখছেন। এ তিনটির বিচার এ সরকারের আমলে শেষ হওয়ার সম্ভাবনা বেশি।জানতে চাইলে খালেদা জিয়া, তারেক ও কোকোর আইনজীবী এবং বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন সোমবার রাতে প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন ও আগামী নির্বাচন সামনে রেখে বিএনপিকে চাপে রাখতে সরকার এসব মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ জন্য বিচারকাজ দ্রুত শেষ করতে তোড়জোড় চলছে। তাঁর দাবি, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেকের বিরুদ্ধে যে ‘পলিটিক্যাল ট্রায়াল’ চলছে, তা মোকাবিলায় আইনগতসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।অবশ্য বিএনপির নেতা এবং আইনজীবীদের এই অভিযোগ ও আশঙ্কা নাকচ করে দিয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, বিএনপির এ ধরনের বক্তব্য ও আশঙ্কা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গ্রেনেড হামলা মামলার বিচারকাজ আইন ও পদ্ধতিগতভাবে চলছে। আসামিপক্ষ সাক্ষীকে জেরা করার যথেষ্ট সুযোগ পাচ্ছে।