জিয়া পরিবারেরসহ তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার মির্জানগর এলাকার উত্তর রামচন্দ্রপুর ও টাকসুট মৌজাধীন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৮ শতাংশ জমির ওপর নির্মিত স্থাপনাসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকানাধীন তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এদিকে বুড়িগঙ্গা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।আশুলিয়ায় উচ্ছেদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী টাকসুট মৌজার ৪৬৮ একর জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে উচ্ছেদের শিকার শিল্পপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থাপনার মালিকদের দাবি, ক্রয়সূত্রে তাঁরা ১৫-২০ বছর ধরে এসব জমি ভোগদখল করছেন। বিনা নোটিশে তাঁদের উচ্ছেদ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত বাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও জমির মালিকেরা জানান, গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাভারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুজ্জামান প্রায় তিন শতাধিক শ্রমিক, শতাধিক পুলিশ ও তিনটি বুলডোজার নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মির্জানগর এলাকায় উপস্থিত হন। বিকেল পর্যন্ত তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযানের সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মালিকানাধীন ১৮ শতাংশ জমির ওপর নির্মিত একটি ভবনের পাঁচটি দোকানও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাভারের বিএনপিদলীয় সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৩ সালে আশুলিয়ার মির্জানগর এলাকা থেকে প্রায় ১৮ শতাংশ জমি কেনেন। (দলিল নম্বর ৮৫-৯৬) বছর দশেক আগে সেখানে আধাপাকা মার্কেট নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। বিনা নোটিশে সেই স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।’ গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী আজম মৃধা জানান, সাত বছর আগে তিনি ওই মার্কেট থেকে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। কিন্তু আগাম নোটিশ ছাড়াই গতকাল তাঁর দোকানটিসহ ওই মার্কেটের পাঁচটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মির্জানগর এলাকার বাসিন্দা ইউনুস মিয়ার স্ত্রী হালিমা খাতুন জানান, বছর বিশেক আগে ওই এলাকার মুক্তধারা হাউজিং থেকে তাঁর স্বামী ২৪ কাঠা জমি কেনেন। এরপর ওই জমির একাংশে পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। কোনো নোটিশ ছাড়াই গতকাল দুপুরে তাঁদের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। মালামাল সরানোরও সুযোগ দেওয়া হয়নি। শিল্পপ্রতিষ্ঠান এইচআরসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দ মো. কবীর উদ্দিন বলেন, মির্জানগর জমির প্রকৃত মালিকের কাছ থেকেই জমি কিনে কারখানা স্থাপন করেন তাঁরা। বিনা নোটিশে কারখানার আওতাভুক্ত তিন বিঘা জমির ওপর নির্মিত গুদামঘর ও কয়েক হাজার গাছ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।জমির প্রকৃত মালিকানার দাবিদার অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সৈয়দ ইজাজ আহাম্মেদ বলেন, তাঁরাসহ উত্তর রামচন্দ্রপুর ও টাকসুট মৌজার ৪৬৮ একর জমির প্রকৃত মালিক ২৩৭ জন। ১৯৬৫ সালে এখানে তাঁরা জমি কেনেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ওই সব জমি দখল করে জাল কাগজপত্র বানিয়ে তা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও ব্যক্তি মালিকানায় বিক্রি করেন। তাঁরা আরও বলেন, তাঁরা দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি বুঝে নেন। এ ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাঁদের করার কিছু নেই।এ ব্যাপারে জানতে চাইলে উচ্ছেদ অভিযানে উপস্থিত সাভারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুজ্জামান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযানের নিরাপত্তা নিশ্চিত করছি। এর বাইরে আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়।’সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাব্বি মিয়া বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী ওই জমি দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আদালতের আদেশ কার্যকর করা হয়েছে।’বুড়িগঙ্গা দখলমুক্ত করতে: গতকাল বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর ঘাট থেকে লাল মসজিদ ঘাট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ৩৯টি তালিকাভুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক শরিফ মোহাম্মদ আফজাল হোসেনসহ র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ শতাধিক শ্রমিক অভিযানে অংশ নেন।বেলা ১১টার দিকে অভিযান পরিচালনাকারী দল আইলবহর এলাকায় চারতলা ও পাঁচতলা দুটি ভবন উচ্ছেদ করতে গেলে মালিক মো. নজরুল ইসলাম হাইকোর্টের নিষেধাজ্ঞার কাগজপত্র দেখান। এতে অভিযান পরিচালনাকারী দল ভবন দুটি উচ্ছেদ করেনি। এদিকে বিকেল চারটার দিকে লাল মসজিদ ঘাট এলাকায় দখল করা জমিতে সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের নির্মিত দেয়াল উচ্ছেদ করতে গেলে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন এবং নির্বাহী হাকিমের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওাই দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা জেলা নির্বাহী হাকিম মোহাম্মদ আল আমীন বলেন, বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর তীরে প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এগুলো উচ্ছেদ করা হবে।