ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে। দেশের প্রধান এই বিমানবন্দরের নতুন নাম হচ্ছে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর। এ ছাড়া বিএনপি-জামায়াত জোট সরকার যে শতাধিক প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছিল, সেগুলোর আগের নাম পুনর্বহাল করা হয়েছে।প্রধান বিরোধী দল বিএনপি এ পরিবর্তনকে সরকারের কুরুচিপূর্ণ কাজ আখ্যায়িত করে এর বিরুদ্ধে আন্দোলন করবে বলে জানিয়েছে।গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ বলেন, অবৈধ স্বৈরশাসকদের নামে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠানের নাম থাকা উচিত নয়—আদালতের এমন রায়ের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ১৯৭৯ সালে এ বিমানবন্দরের নাম ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯৮১ সালে এর নাম পরিবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস-সচিব বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর এবং খুলনায় প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দরের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা বিমানবন্দরের নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে।এ ছাড়া বৈঠকে বরিশাল শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বরিশাল বিশ্ববিদ্যালয় রাখার সিদ্ধান্ত হয়েছে।বিএনপির প্রতিক্রিয়া: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সরকার অত্যন্ত কুরুচির পরিচয় দিয়েছে। এর মাধ্যমে সরকার মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। সরকারের অন্তত এই বিষয়টি অনুধাবন করা উচিত ছিল। তিনি বলেন, দেশের মানুষের নানা সমস্যা আড়াল করতে সরকার এটা করেছে।মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অবশ্যই এ ঘটনার প্রতিবাদ করবে বিএনপি। দেশব্যাপী কর্মসূচিও দেওয়া হবে।’ তিনি জানান, শুধু নাম পরিবর্তন নয়, এখন সারা দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদেও কর্মসূচি দেওয়া হবে। আজ মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।এ ছাড়া জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল সংবাদ ব্রিফিংয়েও আন্দোলন গড়ে তোলার কথা বলেন।শতাধিক প্রতিষ্ঠান ও স্থাপনার আগের নাম পুনর্বহাল: যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহত্তম সেতুর নাম ছিল বঙ্গবন্ধু সেতু। বিএনপি-জামায়াত জোট সরকার বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে একে যমুনা সেতু নাম দেয়। একইভাবে বঙ্গবন্ধু নভোথিয়েটারের নাম পরিবর্তন করে ভাসানী নভোথিয়েটার, কক্সবাজার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের নাম ডুলাহাজারা সাফারি পার্ক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তন করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র করা হয়।এ ছাড়া শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি থেকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে রাসেল, শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম বাদ দেওয়া হয়। শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসেরসহ ১৫ আগস্টে নিহত কয়েকজনের নামে করা প্রতিষ্ঠান ও স্থাপনা থেকেও তাঁদের নাম বাদ দেওয়া হয়। যেমন, সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স, শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ স্টেডিয়াম করা হয়।পাশাপাশি বিএনপি-জামায়াত সরকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের নাম শহীদ জিয়া মিলনায়তন, চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কক্সবাজার জাগীরঘোনা মসজিদ সড়কের নাম বেগম খালেদা জিয়া সড়ক, ফেনী ফুলগাজী মহিলা কলেজের নাম বেগম খালেদা জিয়া মহিলা কলেজ করে।গত জোট সরকার এ রকম শতাধিক প্রতিষ্ঠান, স্থাপনা, যান ও সরঞ্জামের নাম পরিবর্তন করেছে। সব কটির আগের নাম পুনর্বহাল করা হয়েছে।ওই সরকার কবি সুফিয়া কামাল গণগ্রন্থাগারের নাম পরিবর্তন করে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সিলেট অডিটরিয়ামের নাম এম সাইফুর রহমান অডিটরিয়াম করে।বিগত আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর নামে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের নামে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করে। বিএনপি সরকার এম এ হান্নানের নাম বাদ দিয়ে এর নামকরণ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক ও ভাষাশহীদদের নামে করা প্রতিষ্ঠান ও স্থাপনা থেকেও তাঁদের নাম বাদ দেয় বিএনপি-জামায়াত সরকার।জামায়াত ও শিবিরের কার্যক্রম নিয়ে আলোচনা: সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-শিবিরের কার্যক্রম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জামায়াত-শিবির বিশৃঙ্খলা ও অরাজকতা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে সরকার আরও কঠোর অবস্থান নেবে। এ ছাড়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ: বৈঠকে কলেজ অব টেক্সটাইল টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। ভাওয়াল জাতীয় উদ্যানে সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত মৌজায় স্থাপিত শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র প্রদানের গত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।