জিয়া রাজনীতি কঠিন করে দিয়ে গেছেন: তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, রাজনীতি বলতে আসলে যা বোঝানো হয়, সে রাজনীতি এখন আর নেই। সাবেক আমলারা রাজনীতিকে সবচেয়ে বেশি কলুষিত করেছেন। আর জিয়াউর রহমান রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়ে গেছেন। যাঁরা বাড়ি বাড়ি গিয়ে ‘তোয়াজ’ করতে পারে, তাঁরাই এখন নেতা হন বলেও মন্তব্য করেন তিনি।আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী লীগ নেতা আবু সাইয়িদের ‘মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর’ নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।সাগর সরওয়ার-মেহেরুন রুনি দম্পতি হত্যা প্রসঙ্গ টেনে বইটির লেখক আবু সাইয়িদ বলেন, ‘ভাবতে অবাক লাগে, কেমন করে দারোগার দায়িত্ব রাষ্ট্রের শীর্ষ নির্বাহী প্রধানমন্ত্রীর ঘাড়ে তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কী পুরো রাষ্ট্রব্যবস্থার দায়িত্ব ঘাড়ে নিতে পারেন?’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল জলিল বলেন, রাজনীতি আদর্শের বাইরে চলে গেছে, ব্যবসাভিত্তিক হয়ে গেছে। যাঁরা অবৈধ সম্পদ বানিয়েছেন, তাঁরাই সাংসদ। সরকারি দলে থাকলে অনেক কিছু বলা যায় না মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সত্য বলতে আমাদের ভয় হয়। সত্য বলতে গেলে অনেক বাধাবিপত্তি আসে।’ তিনি এখন বিবেকহীন হয়ে সরকারি দলের সঙ্গে বিচরণ করছেন বলেও মন্তব্য করেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, দেশের বর্তমান সমস্যার সমাধান রাজনীতিহীনতায় নয়, রাজনীতির মধ্যে। সুশীল সমাজ শুধু বক্তৃতা দিয়ে পরিবর্তন আনতে পারবে না। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে হবে। রাজনীতিতে নিবিড়ভাবে অংশগ্রহণ করে সমস্যা সমাধান করতে হবে। তিনি বড় দুই দলের সমালোচনা করে বলেন, ‘দলগুলোতে যা হচ্ছে, আমরা তা চাই না। আমরা চাই তারা মানুষের কথা শুনুক।’ তিনি বলেন, এই দুই দল কেউ কাউকে উত্খাত করতে পারবে না। সুতরাং তাদের শান্তিপূর্ণ অবস্থানের পথ খুঁজতে হবে।গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, আজকে গণতান্ত্রিক শাসক রাজনীতিবিদদের দূরে সরিয়ে দিয়ে সামরিক, বেসামরিক আমলাদের উপদেষ্টা করে কাজ করছে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র রাখতে হলে প্রকৃত রাজনীতিবিদদের নীতিনির্ধারণী জায়গায় রাখতে হবে, না হলে সামনে সমূহ বিপদ।প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান, ইংরেজি দৈনিক সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।