জিয়া: সামরিক ও সিভিলিয়ান দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার রাজনীতিক না হয়েও জিয়াউর রহমান তাঁর সাড়ে পাঁচ বছরের শাসনামলে রাজনীতির ওপর প্রায় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি যেভাবে ভালো মনে করেছেন, দেশকে গড়ে তুলতে চেষ্টা করেছিলেন। এ ক্ষেত্রে তাঁর সহায়ক হয়েছিল সমন্বয়ের রাজনীতি। তিনি চরম বাম ও ডানপন্থীদের একই ছাতার নিচে আনতে পেরেছিলেন, যাঁদের প্রধান অবলম্বন ছিল আওয়ামী লীগ ও ভারতবিরোধিতা। কিন্তু ক্ষমতার যে কেন্দ্রবিন্দু থেকে জিয়াউর রহমান উঠে এসেছিলেন, সেই সেনাবাহিনীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। ১৯৭৫-এর যে কুদেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিলেন, তাঁরা তাঁকে সেনাপ্রধানের আসনে বসিয়েছিলেন তাঁদের উদ্দেশ্য চরিতার্থ করতে। তিনিও জানতেন, তাঁরা তাঁর লোক নন। আবার ৭ নভেম্বরে তথাকথিত সিপাহি বিদ্রোহের কুশীলবেরাও তাঁকে বন্দীদশা থেকে উদ্ধার করে নেতা মেনে নিয়েছিলেন তাঁদের উদ্দেশ্য সফল করতে। জিয়া বিপ্লবী বা প্রতিবিপ্লবী ছিলেন না, ছিলেন উচ্চাভিলাষী ও সুযোগ সন্ধানী। এ কারণে তিনি প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের বরপুত্র হয়ে উঠেছিলেন; ১৯৭৫ থেকে ৮১তে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে শক্ত কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়নি। কিন্তু জিয়াউর রহমানের ক্ষমতার ভিত্তিভূমি ছিল যে সেনাবাহিনী, সেখান থেকেই বারবার বাধাগ্রস্ত হয়েছেন। প্রথম বাধা আসে খালেদ মোশাররফের পক্ষ থেকে। তিনি কুদেতা মেজরদের বেআইনি কর্তৃত্ব অস্বীকার করে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু তাঁকেও জীবন দিতে হয়েছে ভারতপন্থী ও আওয়ামী লীগপন্থীর মিথ্যা অপবাদ নিয়ে, যা তিনি ছিলেন না। জিয়াউর রহমান মেজরদের সঙ্গে আপস করে চলতে চেয়েছিলেন, আবার তাঁদের অন্তর্ধান তাঁর ক্ষমতার শীর্ষে আরোহণের পথও উন্মুক্ত করে দিয়েছিল। দ্বিতীয়বার বাধা আসে সশস্ত্র বাহিনীতে কট্টর পাকিস্তানপন্থী বলে পরিচিত এয়ার মার্শাল তোয়াবের পক্ষ থেকে। সেই দ্বন্দ্বেও জিয়া জয়ী হয়েছিলেন। তোয়াব চাকরি ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হন। ১৯৭৫-এর ১৫ আগস্টের হোতাদের মনে যা-ই থাকুক না কেন, তাঁরা সেনাবাহিনীর ওপর থেকে নিচ পর্যন্ত বোঝাতে চেয়েছিলেন, লড়াইটা আসলে আর্মি ও ‘ব্লাডি সিভিলিয়ান’দের। আর্মি জয়ী হয়েছে, অতএব সেনাবাহিনীর প্রত্যেক সদস্যের কর্তব্য পরিবর্তনকে স্বাগত জানানো। সবাই স্বাগত হয়তো জানাননি, কিন্তু বিরোধিতাও করেননি একমাত্র কর্নেল জামিল ছাড়া। ১৫ আগস্টে বাংলাদেশের রাজনীতিতে যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে, তার সূচনা কিন্তু একাত্তরেই। সেক্টর কমান্ডাররা প্রকাশ্যে মুজিবনগর সরকারের বিরোধিতা না করলেও মনে-প্রাণে তাদের নেতৃত্ব ও কর্তৃত্ব মানতে পারেননি। স্বাধীনতার পর রাজনৈতিক নেতৃত্বও তাঁদের আবেগকে অগ্রাহ্য করে প্রথাগত বাহিনীর কাঠামো অক্ষুণ্ন রাখে। পাকিস্তান প্রত্যাগত সেনাকর্মকর্তাদের অন্তর্ভুক্তিও সেনাবাহিনীতে বিরোধ বাড়িয়ে দেয়। রক্ষী বাহিনীর গঠনও ভালোভাবে নেয়নি সশস্ত্র বাহিনী। তাঁদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ১৫ আগস্টের কুদেতারা সেই ক্ষোভকে কাজে লাগিয়ে ইতিহাসের বর্বরতম ঘটনা ঘটায়। পঁচাত্তরের আগে যে দ্বন্দ্ব সেনাবাহিনী বনাম রক্ষী বাহিনী, সিভিলিয়ান বনাম আর্মিতে সীমিত ছিল, ১৫ আগস্টের পর তা আর্মি বনাম আর্মিতে রূপ নেয়। এ কারণেই যাঁরা ৭ নভেম্বরে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিলেন, পরবর্তী সময়ে তাঁদের একাংশ নিজেদের বঞ্চিত ভাবলেন। সেনাবাহিনীতে যেমন ১৫ আগস্টের কুদেতাদের অনুসারী ছিলেন, তেমনি ছিলেন কর্নেল তাহেরের সমর্থক গোষ্ঠীও। জিয়াউর রহমান বারবার দুই মেরুর মাঝপথে হেঁটেছেন। যেদিকে পাল্লা ভারী দেখেছেন, তাঁদের সঙ্গে আপস বা সমঝোতা করেছেন। আবার সুযোগ বুঝে তাঁদের ওপর চূড়ান্ত আঘাত হানতেও দ্বিধা করেননি। যে কর্নেল তাহের তাঁকে বন্দীদশা থেকে উদ্ধার করেছেন, প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাঁকে ফাঁসি দেওয়ার পেছনেও ছিল ক্ষমতাকে নিষ্কণ্টক করা। এখানে আদর্শের কোনো স্থান নেই। সেই ক্ষমতার লড়াইয়ে তাহের জয়ী হলে জিয়াকেও হয়তো অনুরূপ দণ্ড ভোগ করতে হতো। রাজনীতিতে মতভেদ হলে ভিন্ন দল করার সুযোগ থাকে। সেনাবাহিনীতে সেই সুযোগ নেই। সেখানে অস্ত্রই একমাত্র নিয়ামক শক্তি। ১৯৭৭ সালে বিমানবাহিনীর একটি ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে এক হাজার ১৪৩ জন সৈন্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভ্যুত্থানের পরবর্তী ছয় মাসে দেশের জেলখানাগুলোয় প্রতিদিনই ফাঁসির দড়িতে প্রাণ দিতে হয় সৈন্যদের। জিয়াউর রহমান ১৯৭৬-৭৮ সালে সংঘটিত বহু সেনা-অভ্যুত্থান সামাল দিতে পেরেছিলেন, তখনো সামরিক বাহিনীর ওপর তাঁর নিরঙ্কুশ কর্তৃত্ব থাকার কারণে। একই সঙ্গে তিনি ছিলেন রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান। তখনো তাঁর রাজনৈতিক পরিচয় সামরিক পরিচয়কে ছাপিয়ে যেতে পারেনি। ১৯৮১ সালের আগেই তিনি সেনা পোশাক খুলে পুরোপুরি সিভিল রাষ্ট্রপতি হলেন। ফলে সেনাবাহিনীতে তাঁর কর্তৃত্ব অনেকাংশে কমে যায়। অনেকেই আশা করেছিলেন, জিয়া সেনাবাহিনী থেকে পদত্যাগের পর একজন মুক্তিযোদ্ধা কর্মকর্তাই সেই পদে অধিষ্ঠিত হবেন। কেননা ১৯৭৫-এর পর রাজনীতিতে ডানপন্থার শক্তি বাড়লেও সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের আধিপত্য বহাল ছিল। সম্ভবত জিয়া সেই ঝুঁকি নিতে চাননি। মুক্তিযুদ্ধের সময়েই তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদ মোশাররফ অনেক আগেই বিদায় নিয়েছেন, বিদায় করে দেওয়া হয়েছে কর্নেল তাহেরকেও। বাকি ছিলেন জেনারেল এম এ মঞ্জুর, সেনাবাহিনীতে যিনি চৌকস ও ব্যতিক্রমী কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর কাছ থেকে যাতে কোনো বিপদ না আসে সে জন্য মঞ্জুরকে চট্টগ্রামে বদলি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেই আঘাতটি এল। জেনারেল মঞ্জুর ও তাঁর সহযোগীরা হয়তো নিজেরাও জানতেন, ঢাকার বাইরে থেকে সংঘটিত এ বিদ্রোহ সফল হবে না। এ কারণে ভবিষ্যতে দেশ চালানোর কোনো পরিকল্পনাও নেননি। অভ্যুত্থান-পরবর্তী মঞ্জুরের বক্তব্য-বিবৃতি ছিল অগোছালো, উদ্দেশ্যহীন। ১৫ আগস্টের অভ্যুত্থানকারীরাও নিজেদের ভিত শক্ত করতে রাজনৈতিক মহলের সমর্থন চেয়েছিলেন। মঞ্জুর বা তাঁর সহযোগীদের সে রকম কোনো উদ্যোগ ছিল না। ইতিহাসে তাঁরা চিহ্নিত হলেন ঘাতক ও ব্যর্থ সেনা-অভ্যুত্থানকারী হিসেবে। জেনারেল মঞ্জুর বেঁচে থাকলে জানা যেত এর পেছনে কাদের উস্কানি ছিল।ইতিহাসে জিয়াউর রহমান কীভাবে মূল্যায়িত হবেন? রাজনীতিক জিয়ার অবস্থানই বা কী হবে? জিয়াউর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন, পাকিস্তানের নিয়মিত বাহিনীর কর্মকর্তা হয়েও তিনি সেই বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, দেশবাসীকে অস্ত্র ধারণ করতে আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার তাঁর এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বীর-উত্তম উপাধিও দিয়েছে; কিন্তু সে সময় জিয়ার বিভিন্ন কার্যক্রমেও তাঁর উচ্চাভিলাষের কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। জিয়াউর রহমান সীমিত আকারে হলেও সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, বহুদলীয় অথচ নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আবার তাঁর শাসনামলেই সিভিলিয়ান শাসনের মোড়কে সর্বত্র সামরিক বাহিনীর কর্তত্ব প্রতিষ্ঠা করা হয়, রাষ্ট্রীয় নীতি ও রাজনীতিতে গোয়েন্দাদের কর্তৃত্ব বাড়তে থাকে, যা থেকে এখনও আমরা মুক্ত নই। জিয়া বাকশালের কড়া সমালোচনা করলেও একদলীয় শাসনব্যবস্থার অনেক উপাদান ব্যবহার করেছেন নিজের অবস্থানকে সংহত করতে। ব্যক্তিগতভাবে তিনি সৎ ও অনাড়ম্বর জীবন যাপন করতেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এর মূল্য কম নয়। কিন্তু জিয়া ক্ষমতার স্বার্থে রাজনীতিকে দুর্নীতিগ্রস্ত করেছেন; অর্থ দিয়ে, পদ দিয়ে অন্য দল থেকে লোক ভাগিয়ে এনেছেন, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে ছুড়েও ফেলেছেন। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের দায়ও তাঁকে নিতে হবে। জিয়াউর রহমানের ক্ষমতারোহণের আগেও যেমন হত্যার রাজনীতি ছিল, তেমনি তাঁর মৃত্যুর পরও সেই অপরাজনীতি বন্ধ হয়নি। কখনো গণতন্ত্র পুনরুদ্ধার, কখনো দেশ ও জাতি উদ্ধারের নামে সশস্ত্র পন্থায় ক্ষমতার পালাবদল ঘটানো হয়েছে। ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ভাবা গিয়েছিল, আমরা সেই অপরাজনীতিকে বিদায় দিতে পেরেছি। বাস্তবে তার কোনো লক্ষণ নেই। ক্ষমতা কাঠামোর যে সামরিক কেন্দ্র রাজনীতিক জিয়াউর রহমানকে তৈরি করেছিল, সেই সামরিক শক্তির হাতেই তাঁকে বিদায় নিতে হয়েছে। জিয়ার ক্ষমতারোহণ নিশ্চিতভাবে রাজনৈতিক নেতৃত্বের ওপর সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু তাঁর মৃত্যু সেই সামরিক কর্তৃত্বের অবসান ঘটাতে পারেনি। নয় মাসের মাথায় সেনা প্রধান এরশাদের ক্ষমতারোহনের সঙ্গে ৩০ মের রক্তাক্ত ঘটনার কোনো যোগসূত্র ছিল কি না সে প্রশ্ন অমীমাংসিতই রয়ে গেছে।