জিয়াউর রহমান জেলহত্যার নেপথ্য নায়ক: আইন প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জেলহত্যার নেপথ্য নায়ক জিয়াউর রহমান। তাঁর নীলনকশা অনুসারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। আর এখন খালেদা জিয়া মানবতাবিরোধীদের নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন।’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত জেলহত্যা দিবস স্মরণে আলোচনা সভায় আজ বুধবার আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কামরুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে সরকার প্রথমে চিহ্নিত ঘাতকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায়। যেখানে আর দু-এক মাসের মধ্যে সাত-আটজনের বিচার শুরু হবে, সেখানে খালেদা জিয়া তাদের নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। সাক্ষীদের বিভ্রান্ত করা ও ভয়ভীতি দেখানোর জন্য তিনি এ কথা বলেছেন। দেশে মানবতাবিরোধী, জঙ্গিবাদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করতে হবে।জেলহত্যার বিচার এখনো হয়নি উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, ওই নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী-সাবুদ ও তথ্যপ্রমাণ নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু তার পরও মানুষ জেলহত্যার বিচার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।