জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে বিল, বিএনপির ওয়াকআউট
প্রস্তাবিত শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাবের প্রতিবাদে বিরোধী দল বিএনপি আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটায় সংসদ থেকে ওয়াকআউট করে। এ সময় জামায়াতের সদস্যরাও বিএনপির সঙ্গে যোগ দেন।এর আগে বিকেল তিনটা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর কয়েক মিনিট পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যোগ দেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল (সংশোধন) বিল-২০১০’ সংসদে উপস্থাপন করলেই বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিলটি উপস্থাপনের পর এর ওপর বিএনপির সাংসদ মওদুদ আহমেদ আপত্তি করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার দিনবদল নয়, জিয়াউর রহমানের নাম বদলকেই তাদের একমাত্র কাজ হিসেবে ধরে নিয়েছে। জিয়ার নাম মোছার হীনমন্যতা করে তারা আনন্দ পেতে পারেন, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের মন থেকে তাঁর নাম মুছে ফেলা যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে আবার জিয়াউর রহমানের নামেই ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে।’ তিনি এ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউটের ঘোষণা দেন।এ সময় শিক্ষামন্ত্রী বিলটির ওপর দেওয়া বক্তব্যে বলেন, ‘তারা সত্য শুনতে ভয় পান বলেই বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন।’ এ সময় স্পিকার বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘মাননীয় সদস্যগণ, আপনারা মন্ত্রীর কথা শুনে যান।’ এ সময় বিরোধী দলের সদস্যরা আবার যার যার আসনে বসে যান।এ সময় স্পিকার আবদুল হামিদ হেসে বলেন, ‘আসলে সবাই ছোয়াব কামাই করতে চান, তাই কেউ শাহ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহ আমানত বিমানবন্দর করেন, আর আরেক পক্ষ জিয়া বিমানবন্দরের নাম বদলিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন। সবাই যেন ছোয়াব কামাই করছেন।’এরপর শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় নামেই এটি করা হয়েছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তা পরিবর্তন করে। নাম পরিবর্তন করলেও তারা বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেনি। বর্তমান সরকার বরিশালবাসীর দাবির পরিপ্র্রেক্ষিতেই এটিকে আসল নামে ফিরিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে।’পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।