জিয়াউর রহমান যে পাকিস্তানের চর, প্রমাণ করুন: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন বলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের দেওয়া বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এটি প্রমাণের দাবি জানান। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।বিএনপির সাবেক সাংসদ আবদুস সালাম পিন্টু, এহছানুল হক মিলন, লুত্ফুজ্জামান বাবর, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে নির্যাতন করার প্রতিবাদে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তিনি বলেন, এঁদের নির্যাতন করে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি কারাগারে বন্দী নেতাদের সুচিকিত্সা ও মুক্তির দাবি করেন। মির্জা ফখরুল বলেন, ‘আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই, একজন আইন প্রতিমন্ত্রী কীভাবে এ ধরনের কথা বলেন। এসব কথার কোনো ভিত্তি নেই। এগুলো সত্যের অপলাপ।’ তিনি আইন প্রতিমন্ত্রীর প্রতি পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আপনার কথায় জিয়া পাকিস্তানের চর ছিলেন—তা আপনিই প্রমাণ দিন।’ হরতাল কর্মসূচি নিয়ে সরকারি দলের সমালোচনার জবাবে ফখরুল বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে বিএনপি ঘোষিত আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সরকার জনগণের সমস্যা ও নিজেদের ব্যর্থতা আড়াল করতে এখন যুদ্ধাপরাধী বিচারের স্লোগানটি নিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার চায় না। বিচারের নামে আগামী নির্বাচনে জয়লাভের জন্য জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। প্রসঙ্গত, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন।