জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া
৭ নভেম্বর উপলক্ষে আজ রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সুরা ফাতেহা পাঠ করেন। পরে তিনি চলে যাওয়ার পর দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘৭ নভেম্বর না আসলে দেশ এখনো সাম্রাজ্যবাদীদের হাতেই থাকত। যাঁরা এ দিনটাকে ইতিহাস থেকে মুছে দিতে চান, তাঁরাই একদিন ইতিহাসে আস্তাকুঁড়ে পতিত হবেন।’ পরে নেতা-কর্মীরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।১৯৭৬ সাল থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে জাতীয়ভাবে পালন করা হতো। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এ দিনে সরকারি ছুটি বাতিল ঘোষণা করে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দিনের সরকারি ছুটি বাতিল করা হলেও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে আবারও তা বহাল করেছিল।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। আড়াই মাস পর ৩ নভেম্বর আবার শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা। কারাগারে বন্দী অবস্থায় নিহত হন জাতীয় চার নেতা। এসব ঘটনার একপর্যায়ে তত্কালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে মুক্ত হন জিয়াউর রহমান। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা সেদিন নিহত হন।