জিয়াকে খুনি ও আইএসআইয়ের ‘এজেন্ট’ বলায় বিএনপির ওয়াকআউট
জিয়াউর রহমানকে ‘খুনি’ ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ‘এজেন্ট’ বলার প্রতিবাদে আজ মঙ্গলবার রাত আটটার দিকে বিএনপি সংসদ থেকে ওয়াকআউট করে।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ শফিকুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে এ দেশে স্বাধীনতা-বিরোধীদের পক্ষে কাজ করেছেন। খুনি জিয়া মুক্তিযোদ্ধার নামে এ দেশে রাজকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী আর আবদুল আলিমকে রেলমন্ত্রী করেন। সেনাবাহিনীর অসংখ্য কর্মকর্তাকে হত্যা করেন। এমনকি বঙ্গবন্ধু হত্যার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের লালনপালন করে তিনি তাঁর প্রমাণ দিয়ে গেছেন। তাই বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের পর বিএনপি কোনো মন্তব্য করেনি। কারণ তারা কষ্ট পেয়েছে খুনিদের ফাঁসি দেওয়ায়।শফিকুলের এ বক্তব্যের সময় বিরোধী দলের সাংসদেরা টেবিল চাপড়িয়ে হইচই করে প্রতিবাদ জানান। একপর্যায়ে মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির সাংসদেরা সংসদ থেকে ওয়াকআউট করেন। এ সময় সংসদে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘বিরোধী দল আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াকআউট করেছেন। আশা করি, তাঁরা ফিরে আসবেন।’ তিনি বলেন, সাংসদ শফিকুল ইসলামের সংসদে দেওয়া বক্তৃতায় কোনো ধরনের কটূক্তি থাকলে তা সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।এর আগে বিএনপির গোলাম মোস্তফা আলোচনায় অংশ নিয়ে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে নিরাপদ হেফাজতে চলে যান। সেদিন জিয়াউর রহমানই ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেন। তাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একমাত্র জিয়াই, আর কেউ নন।সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ গোলাম মোস্তফার এ সংক্রান্ত বক্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানালে স্পিকার তা গ্রহণ করেন।আজ রাতে সংসদের বৈঠক কাল বুধবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।