জিয়াকে খুনি বলায় সংসদ থেকে আবার বিএনপির ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমানকে ‘খুনি’ এবং ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্ট’ বলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাত আটটায় বিএনপি সংসদ থেকে ওয়াকআউট করেছে। এর আগে অধিবেশনের শুরুতে জঙ্গিদের সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংসদ কিছু সময়ের জন্য উত্তপ্ত ছিল। সোমবারের ওয়াকআউটের পর গতকাল সংসদে ফিরেই সরকারি দলের এ-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে অধিবেশন উত্তপ্ত করে তোলেন বিরোধী দলের সদস্যরা। ওয়াকআউট: রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ শফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে এ দেশে স্বাধীনতাবিরোধীদের পক্ষে কাজ করেছেন। এ খুনি জিয়া রাজকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী আর আবদুল আলিমকে রেলমন্ত্রী করেন। সেনাবাহিনীর অসংখ্য কর্মকর্তাকে হত্যা করেন। এমনকি বঙ্গবন্ধু হত্যার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের লালন পালন করে তিনি তার প্রমাণ দিয়েছেন। তাই বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের পর তাঁরা কোনো মন্তব্য করেননি। কারণ, তাঁরা কষ্ট পেয়েছেন খুনিদের হত্যা করায়।’এ বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে হইচই করে প্রতিবাদ জানান। এর একপর্যায়ে মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। এ সময় সংসদে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘বিরোধী দল আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াকআউট করেছে। আশা করি তাঁরা ফিরে আসবেন।’ তিনি বলেন, শফিকুল ইসলামের সংসদে দেওয়া বক্তৃতায় কোনো ধরনের কটূক্তি থাকলে তা এক্সপাঞ্জ করা হবে।এর আগে বিএনপির গোলাম মোস্তফা আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে নিরাপদ হেফাজতে চলে যান। সেদিন জিয়াউর রহমানই ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেন। তাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একমাত্র জিয়াই, আর কেউ নন।’সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ গোলাম মোস্তফার এ-সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানালে স্পিকার তা গ্রহণ করেন।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা এ ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা, বিএনপির গোলাম মোস্তফা এবং জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ। এরপর সরকারি দলের হুইপ মির্জা আজম ব্যক্তিগত কৈফিয়তমূলক বক্তব্য দিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শায়খ আবদুর রহমান আমার আত্মীয়। আত্মীয় হলেই এক মতের ও পথের হতে হবে, তার ঠিক নেই। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীও তো আত্মীয়। প্রধানমন্ত্রীর মাউই লাগেন বিরোধীদলীয় নেত্রী। তাই বলে কি তাঁদের রাজনীতি এক হয়ে গেছে।’ জঙ্গি সম্পৃক্ততা নিয়ে অনির্ধারিত আলোচনা: অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে সরকার ও বিরোধী দলের সদস্যদের এ আলোচনা চলে প্রায় পৌনে এক ঘণ্টা। জঙ্গিবাদের সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা এবং বিডিআর বিদ্রোহ নিয়ে পাঁচ সাংসদ আলোচনায় অংশ নেন। বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন এ সময় গত সোমবার সংসদে দেওয়া সুরঞ্জিত সেনগুপ্ত এবং মির্জা আজমের বক্তব্য এক্সপাঞ্জের দাবি করে বলেন, ‘মন্ত্রী হতে না পেরে আওয়ামী লীগের অনেক নেতার মনের জ্বালা আমরা বুঝি। জঙ্গিদের সঙ্গে বিএনপিকে জড়িত করে বক্তব্য দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওয়ান-ইলেভেনের সঙ্গে জড়িত থেকে এভাবে মন্ত্রিসভায় যেতে পারবেন না।’ মির্জা আজমের দেওয়া বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘জনগণ আজ তাঁকে বোমা আজম বলে চেনেন।’ এ সময় সরকারি দলের সাংসদরা হইচই করে এর তীব্র প্রতিবাদ জানান। জয়নাল আবদিন বলেন, শেরাটনের সামনে দোতলা বাসে আগুন দিয়ে ১১ জন হত্যার সঙ্গে যে নানক-আজম জড়িত ছিলেন, তা আওয়ামী লীগের শেখ সেলিম কারাগারে বসে স্বীকার করেছেন। তাঁর ক্যাসেট আমাদের কাছে আছে।’ জবাব দিতে দাঁড়িয়ে সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে কারা পরিকল্পিতভাবে বোমাবাজি করছে? বিএনপি-জামায়াত জোটই যে দেশকে অস্থিতিশীল করছে, তা দেশবাসীর কাছে পরিষ্কার।বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করে তিনি বলেন, ‘ওই ঘটনার সময় দেশের মানুষ যখন আতঙ্কিত, প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রনায়োকচিতভাবে বিদ্রোহ দমন করলেন—তখন বিরোধীদলীয় নেত্রী কোথায় ছিলেন? বিদ্রোহ ঘটার আগেই ভোরে সেনানিবাসের বাড়ি থেকে কালো কাচের গাড়িতে তিনি কোথায় গিয়েছিলেন, তা বলতে হবে।আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম বোমাবাজি ছেড়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধীদলীয় নেত্রী ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত জায়গায় থেকে নিজেদের কর্মীদের দিয়ে বোমার নাটক করে ইস্যু বানাতে চাইছেন।’রাতে সংসদের বৈঠক বুধবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।