জিয়াউর রহমানকে নিয়ে সরকার দলীয়দের কটূক্তি বন্ধ না হলে সমুচিত জবাব দেবে বিএনপি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।হাইকোর্টের রায়ে কর্নেল তাহেরের ফাঁসির জন্য জিয়াকে দায়ী করা এবং সংসদে জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।প্রেসক্লাবের সামনের সড়ক আটকে সমাবেশ করায় এ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। রাস্তা আটকে প্রায় তিন ঘণ্টা সমাবেশ করায় সড়কের দুই পাশে গাড়ির সারি লম্বা হয়ে যায়। ঢাকার বাইরে রাজশাহী, সিলেট ও মেহেরপুরে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, কর্নেল তাহেরের নেতৃত্বে সেনাবাহিনীতে বিদ্রোহের কারণে ৬০ জন সেনাকে প্রাণ দিতে হয়েছে। এ জন্য তাঁর বিচার সামরিক আদালতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে ৩০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এদের বিচার জনগণ করবে।স্থায়ী কমিটির অন্য সদস্য নজরুল ইসলাম খান বলেন, কর্নেল তাহেরের ফাঁসির জন্য জিয়াউর রহমানকে দায়ী করা যায় না। কেননা, তিনি সে সময় রাষ্ট্রপতি বা প্রধান সামরিক প্রশাসক ছিলেন না। তিনি বলেন, সরকার আদালতকে দলীয়করণ করে জিয়া ও বিএনপিকে হেয় করতে কাজ করছে। আদালতকে দলীয়করণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ভবিষ্যতে জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে চলতে থাকা ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।