জিয়ানগরে বিএনপি নেতা খুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য মানিক মাঝি (৪০) গত মঙ্গলবার রাতে উপজেলার কলারণ গ্রামে নিজ বাড়িতে খুন হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গতকাল বুধবার জিয়ানগর থানায় হত্যা মামলা করেছেন নিহতের ভাই মিজানুর রহমান।মিজানুর রহামন জানান, ভাইয়ের সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি বাড়ির সামনে তাঁর বোনের বাসায় ঘুমাতে যান। আর তাঁর ভাই দুই শিশুপুত্রকে নিয়ে নিজের বাড়ির সামনের বারান্দায় ঘুমান। তাঁর ভাবি এবং মা অন্য কক্ষে ঘুমিয়েছিলেন।মিজানুর রহমান আরও জানান, ঢাকায় যাওয়ার জন্য তিনি ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে ভাইকে ডাকতে যান। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ভাইয়ের খাটের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডাকাডাকি করতে থাকেন। তিনি বলেন, ‘আলো জালিয়ে দেখতে পাই ভাই মারা গেছে। গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।’ মিজানুর রহমান জানান, বাড়ির চিলেকোঠার দরজা রাতে খোলা ছিল। দুর্বৃত্তরা ওই দরজা দিয়ে বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।গতকাল সকালে মানিক মাঝির বাড়িতে গিয়ে দেখা যায় নিহতের মা মকিমুন্নেছা বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বিলাপ করে বলতে থাকেন, ‘কেডা আমার এই ক্ষতিটা করল। নাতি দুইডারে কেডা এতিম বানাইল। আমাগো লগে তো কারও কোনো কাইজ্যা (বিবাদ) ছিল না।’জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।জিয়ানগরের বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাইয়ুম জমাদ্দার জানান, মানিক মাঝি জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য ছিলেন।পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জানান, হত্যার প্রতিবাদে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভসহ তিন দিনের কর্মসূচি দেওয়া হয়েছে।