জিয়ানের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলায় হাপুস নয়নে কাঁদা বলে একটা কথা আছে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর ঘানার আসামোয়া জিয়ানের কান্নাকাটির সঙ্গে সেটার ভারি মিল। উরুগুয়ের বিপক্ষে তাঁর পেনাল্টি মিসে খেলাটা টাইব্রেকারে গেল। সেটিতে ঘানার পরাজয়ের পর তাঁর কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই; বিশেষ করে আফ্রিকানরা। বিশ্বকাপে আফ্রিকার শেষ প্রতিনিধি হিসেবে ঘানা দলটিই যে সত্যিকারের কৃষ্ণতারকা হয়ে জ্বলে উঠেছিল। নিজেদের মাটিতে প্রথমবারের মতো ভালো কিছু করার স্বপ্ন দানা বাঁধছিল সবার মনে। সেই স্বপ্নটি হয়তো টিকে থাকত, জিয়ান যদি পেনাল্টি মিস না করতেন। আর তাই ম্যাচ শেষে নিজেকে প্রবোধ দিতে পারছিলেন না। মাঠে পড়ে বাচ্চাদের মতো কেঁদেছেন। সতীর্থরা টেনে তুলেছেন তাঁকে, কিন্তু কান্না আর থামছিল না। তবে ঘানা ও আফ্রিকাবাসী জিয়ানের পাশেই ছিল। নেলসন ম্যান্ডেলা, কফি আনানের মতো ব্যক্তিত্বরাও তাঁকে নায়ক বলেই ডেকেছেন। বিশ্বকাপের হাসি যদি স্পেনের হয়, তবে কান্না হবে একমাত্র জিয়ানেরই।