জিয়ার কবরে ফুল দিতে গিয়ে ছাত্রদলের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন ধানমন্ডি থানা ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতা-কর্মী। কিলঘুষিতে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জিয়ার কবরে ফুল দিতে যান। কবরে শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রদলের দুই পক্ষের কর্মীদের মধ্যে মারামরি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের মধ্যে কিল, ঘুষি, লাথির ঘটনা ঘটে। এতে তেজগাঁও কলেজ ছাত্রদলের হাবিব, শিমুল ও প্রিন্স এবং ধানমন্ডি ছাত্রদলের সেতু ও রিয়াদ আহত হন। ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানমন্ডি থানার নেতারা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলামের পক্ষের লোক হিসেবে জিয়ার কবরে আসেন। ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা সাব্বির আহমেদ বলেছেন, তাঁরা মাজহারুল ইসলামের সঙ্গে সেখানে যান। কী কারণে ধানমন্ডি থানা ও তেজগাঁও কলেজ ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত, সে ব্যাপারে কেউ সুষ্পষ্টভাবে কিছু বলতে পারেননি।ধানমন্ডি থানা ছাত্রদলের এক নেতা বলেছেন, গত ৩০ জুলাই ড্যাবের ইফতারে তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও তাঁর সঙ্গীদের সঙ্গে তাঁর থানার কয়েকজন কর্মীর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে এটা ঘটতে পারে। তবে তেজগাঁও কলেজের একজন ছাত্র বলেছেন, পকেট মারার উদ্দেশ্যে তাঁদের সংগঠনের একজনের পকেটে হাত দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।জানতে চাইলে মাজহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ড্যাবের ইফতারে তাঁর সমর্থকদের ওপর বর্তমান সভাপতি ও মহাসচিবের অনুসারীরা হামলা চালায়। এখন সুযোগ পেয়ে এরা মেরেছে। তিনি বলেন, ‘আমি ইফতারের দিন ওদের ঠেকিয়েছি। কত দিন ঠেকিয়ে রাখব।’ তবে অপর পক্ষে কারা ছিলেন, তা তিনি বলতে পারেননি।