জিয়ার কবরে ফুল দিলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ নভেম্বর উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি দিনটি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে।খালেদা জিয়া আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় তাঁর সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আশা করছি, বর্তমান গণবিরোধী সরকারের হাত থেকে দেশকে উদ্ধারের জন্য এই দিনে জনগণ নতুন করে শপথ নিয়ে জেগে উঠবে।’ তিনি বলেন, ‘৭ নভেম্বরের চেতনা দেশের স্বাধীনতা রক্ষার চেতনা। এই দিন দেশপ্রেমিক সৈনিক-জনতা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। তিনি অল্প সময়ের মধ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেন।’ মার্কিন নির্বাচনে বিজয়ী বারাক ওবামাকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বের নিপীড়িত, শোষিত মানুষ ও গণতন্ত্রের জন্য যাঁরা লড়াই করছেন, তাঁদের জন্য এই বিজয় সুখের হবে বলে মনে করি।’এর আগে সকাল থেকে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হন।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। আড়াই মাস পর ৩ নভেম্বর আবার শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা। কারাগারে বন্দী অবস্থায় নিহত হন জাতীয় চারজন নেতা। এসব ঘটনার একপর্যায়ে তত্কালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন।ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে মুক্ত হন জিয়াউর রহমান। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা সেদিন নিহত হন।কিছু সংগঠন দিনটি পালন করে ‘সৈনিক হত্যা’ দিবস হিসেবে।