সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার পর তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিএনপির ১২ দিনের কর্মসূচি গতকাল শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১০ জুন পর্যন্ত। গতকাল সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়। খালেদা জিয়া দুপুরে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল রাজধানীর ১৫টি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।বিএনপি দিনটিকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয় এবং ওষুধ সরবরাহ করে। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধির সামনে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করে।মোহাম্মদপুর টাউন হলে দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খুব শিগগির সরকারবিরোধী কঠোর আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হবে।জিয়ার সমাধিতে নেতা-কর্মীদের ভিড়: বিএনপির চেয়ারপারসনের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল সকাল সাড়ে ১০টায়। এর আগে থেকেই শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকেন। জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অংশ বড় ধরনের মিছিল নিয়ে আসে। এ সময় ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।খালেদা জিয়া আসেন দুপুর সাড়ে ১২টার পর। তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।দুপুরে শ্রদ্ধা নিবেদন করতে আসা বিএনপির বিভিন্ন পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।