জিয়ার মাজারে লুই কানের নকশা ক্ষতিগ্রস্ত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল রুট রোকেয়া সরণি হয়ে সংসদ এলাকার পূর্ব পাশের রাস্তা দিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ ভবনের সংলগ্ন খেজুরবাগানের আড়ালে পড়ে যাওয়ায় এতে সংসদ ভবনের সৌন্দর্যও ব্যাহত হবে না। আর সংসদ ভবনের মূল স্থাপনাটি পূর্ব পাশের রাস্তা হতে এক-দেড় হাজার ফুট দূরে অবস্থিত হওয়ায় সংসদ ভবনের মূল স্থাপনা শব্দদূষণ বা ভাইব্রেশনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।আজ বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, মেট্রোরেল লাইনের উচ্চতা হ্রাস করা হলে বিমানবন্দরের বিমান ল্যান্ডিংয়ে কোনো অসুবিধা হবে না। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানবাহিনীর আপত্তিতে মেট্রোরেলের গতিপথ ঘুরছে না। বুয়েট, যোগাযোগ মন্ত্রণালয়, পরিবেশবিদসহ সংশ্লিষ্ট সবার আলোচনার মাধ্যমে মেট্রোরেল রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, বিজয় সরণির পাশ দিয়ে মেট্রোরেল স্থাপন করলে তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আশঙ্কাজনক হারে কমে যাবে, যা বিমানবাহিনীর বিভিন্ন বিমান অবতরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলবে। মেট্রোরেল বঙ্গবন্ধু নভোথিয়েটারের পাশ দিয়ে নিয়মিত যাতায়াত করলে শব্দদূষণ এবং ভাইব্রেশনের কারণে ভবনটির অবকাঠামোয় সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে এবং নভোথিয়েটারের জন্য ব্যবহূত উন্নত প্রযুক্তির সংবেদনশীল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘টকশোতে অনেকেই সংসদ ভবনের মূল নকশা নিয়ে টেলিভিশন ফাটিয়ে ফেলেন। খেজুরগাছ কাটা হবে বলেও অনেকে বিরোধিতা করছেন। অথচ জিয়াউর রহমানের লাশ এনে ক্রিসেন্ট লেকে রাখা হলো, তখন কোনো টক শো শুনিনি।’এ সময় সংসদকক্ষে উপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘এরশাদ সাহেব এখানেই আছেন। তিনিই একটি বাক্স এনে বললেন এখানে জিয়াউর রহমানের লাশ রাখা হবে। আমাকেও ওই সময় বঙ্গবন্ধুর লাশ টুঙ্গিপাড়া থেকে এনে ওখানে রাখার প্রস্তাব রাখা হয়েছিল। আমি তাতে রাজি হয়নি।’শেখা হাসিনা বলেন, ‘লুই কানের মূল নকশাতে ক্রিসেন্ট লেকটিকে একটি অর্ধচন্দ্রের মতো দেখা যায়। চন্দ্রের মাঝখানে সংসদ ভবন একটি তারা। ওখানে ব্রিজ ও মাজার করে এখন ধনুকাকৃতির করা হয়েছে। চাঁদ শান্তির প্রতীক আর ধনুক যুদ্ধের প্রতীক।’প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের বর্তমান জটিলতা সাময়িক। এটি নিরসনের উদ্যোগ চলছে। আশা করা যায়, শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য বিকল্প কোনো অর্থায়নের প্রয়োজন হবে না।