জিয়ার লাশ নিয়ে নৌমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমানের লাশ নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদে বিএনপি আজ বুধবার সন্ধ্যা সাতটায় সংসদ থেকে ওয়াকআউট করে। কিছু সময় পরে তারা আবার সংসদে ফিরে আসে।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শাজাহান খান আবারও জিয়াউর রহমানের লাশের প্রসঙ্গ তুলে বলেন, ‘সংসদে লাশ নিয়ে কথা বলতে চাই না। শুধু বিরোধী দলের সদস্যদের বলতে চাই, আসুন না শেখ ফজলুল করিম সেলিমের দেওয়া বক্তব্য পরীক্ষা করে দেখি। কবরে জিয়ার লাশ আছে কি না সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। শেখ সেলিম মিথ্যে বলে থাকলে তাও প্রমাণ হবে।’ তাঁর বক্তব্যের সময় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর এ বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা হইচই করে মওদুদ আহমদের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট করেন।ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, মন্ত্রীর বক্তব্যে কোনো অসংসদীয় কিছু থাকলে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দল কিছু সময় পরেই আবার সংসদে ফিরে আসে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান, আবদুর রাজ্জাক, রফিকুল ইসলম, বিএনপির মাহাবুবউদ্দিন খোকন, জামায়াতের হামিদুর রহমান প্রমুখ।