জিয়ার লাশ রাঙ্গুনিয়া থেকে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন জায়গা থেকেই জিয়াউর রহমানের লাশ কবর দেওয়া হয়েছে বলে সংবাদ আসতে থাকে। এর মধ্যে একটি সংবাদই ছিল সঠিক। রাঙ্গুনিয়ার পুলিশ জানায়, চট্টগ্রাম-রাঙ্গুনিয়া মহাসড়কের পাশের একটি জায়গায় তাঁকে কবর দেওয়া হয়েছে। জায়গাটি চট্টগ্রাম শহর থেকে ২০ মাইল দূরে, বাংলাদেশ টোব্যাকো কোম্পানির তামাক সংগ্রহকেন্দ্রের কাছাকাছি। স্থানীয় এক মৌলবি পুলিশকে জানান, ৩০ মে সকালে একদল সেনা জিপে করে একটি মরদেহ নিয়ে এসে ওই স্থানে কবর দেয়। স্থানীয় এক স্কুলবালক খবরটির সত্যতা নিশ্চিত করে। সেও নাকি ওই ঘটনার সাক্ষী ছিল। ওই মৌলবি কিংবা ওই স্কুলছাত্রের ধারণা ছিল না, লাশটি কার। কিন্তু পরে জিয়াউর রহমানের হত্যার খবর শোনার পর তাদের ধারণা হয় যে এটা নিশ্চয়ই তাঁর লাশ। যা হোক, পুলিশ ওই তাজা কবরটি আবার খোঁড়ে এবং তাতে প্রয়াত রাষ্ট্রপতির লাশ পায়।পুলিশের মহাপরিদর্শক আমাকে জানান যে তিনি ইতিমধ্যে লাশটি কবর থেকে তুলে শহরে নিয়ে আসার নির্দেশ দিয়ে দিয়েছেন। খবরটি শোনামাত্রই আমি বিভাগীয় কমিশনারকে বললাম, আমাদের রাঙ্গুনিয়ার দিকে রওনা হওয়া দরকার এবং লাশ শহরে না এনে সেনানিবাসে নিয়ে যাওয়া উচিত। কেননা, লাশ শহরে নিয়ে আসা মানেই বিপুল জনসমাগম হওয়া এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এরই মধ্যে আমি চট্টগ্রাম গ্যারিসনের ভারপ্রাপ্ত কমান্ডার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে প্রধান ব্রিগেডিয়ার আজিজুর রহমানকে জানালাম যে আমরা লাশ পেয়েছি এবং তা নিয়ে আমরা সেনানিবাসের দিকে আসছি। তাঁকে আমি জোর অনুরোধ করি, যাতে প্রয়াত রাষ্ট্রপতির লাশ দ্রুতই ঢাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার ভয় ছিল, যেকোনো রকম বিলম্ব হলে মানুষ সেনানিবাসের চারপাশে ভিড় জমাবে এবং একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।পুলিশের উপমহাপরিদর্শক এবং আমি রাঙ্গুনিয়ার দিকে রওনা হওয়ার পর আমরা দুটি পুলিশের গাড়ি আসতে দেখলাম। শহরের দিকে আসছে। গাড়ি দুটির একটিতে ছিল শাদা কাপড় মোড়ানো লাশ। আমরা গাড়ি না থামিয়েই আমাদের পেছন পেছন সেনানিবাসের দিকে আসতে বললাম।সেনানিবাসের দিকের সড়কটিতে যেন অঘোষিত কারফিউ চলছে। কোথাও কেউ নেই। কোনো সামরিক গাড়ি বা সেনাকে দেখা গেল না। এমনকি সেনানিবাসে ঢোকার প্রধান গেটটিতেও কেউ পাহারায় ছিল না। স্বাভাবিক সময়ে এদিক দিয়ে যেতে গেলে থামিয়ে জিজ্ঞাসা করা হয়। ব্রিগেডিয়ার আজিজের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের দিকে যাওয়ার সময় আমি ব্যারাকের আশপাশে বেসামরিক পোশাকে কিছু সেনাকে ঘোরাফেরা করতে দেখলাম। ব্রিগেডিয়ার আজিজের সদর দপ্তরকে মনে হচ্ছিল ট্রেনস্টেশনের মতো, যেখানে লোকজন কয়েক দিন হলো একটি ট্রেন আসার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। সেখানে ইউনিফর্ম পরা ও ইউনিফর্ম ছাড়া এমন কয়েকজন অফিসারকে আমি দেখলাম, যাঁদের দুই দিন আগেই মঞ্জুরের কনফারেন্স রুমে দেখেছি। এঁদের অনেকেই দাড়ি কামাননি। দেখে মনে হয় ইউনিফর্ম পরেই তাঁরা রাতে ঘুমিয়েছেন। কর্মকর্তাদের মধ্যে ছিলেন কুমিল্লা ডিভিশনের জিওসি মেজর জেনারেল সামাদ। তিনি আমাদের জানালেন, কুমিল্লা থেকে তিনি চট্টগ্রাম ডিভিশনের দায়িত্ব নিতে এসেছেন।ক্লান্ত-বিধ্বস্ত ব্রিগেডিয়ার আজিজ আমাদের অভ্যর্থনা জানালেন এবং বসতে ইশারা করলেন। তাঁর কাছ থেকেই জানলাম যে জিয়ার লাশ নেওয়ার জন্য ঢাকা থেকে একটি হেলিকপ্টার রওনা দিয়েছে। এর মধ্যে কাজ হলো জিয়ার লাশটিকে পাঠানোর উপযুক্ত করা। এই দায়িত্ব তিনি দিলেন সেনাবাহিনীর চিকিৎসক লে. কর্নেল তোফায়েলকে। এসব কাজ চলার সময় এবং সেই হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে করতে আমি দেখলাম সেনানিবাসজুড়ে কেমন নৈরাজ্য বিরাজ করছে।একপর্যায়ে জিয়ার মরদেহ প্রস্তুত করা হলো। ব্রিগেডিয়ার আজিজের সঙ্গে আমি লাশ দেখতে সেনা হাসপাতালের দিকে রওনা হলাম। কফিন আটকে দেওয়ার আগেই লাশ দেখতে হবে। আবার সেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি হলাম। লাশ সাদা কাফনে মোড়া, কেবল মুখ দেখা যাচ্ছে। তাঁর মুখের একপাশ উড়ে গেছে। কিন্তু অন্য পাশে প্রয়াত রাষ্ট্রপতির বৈশিষ্ট্যপূর্ণ গোঁফ দেখে তাঁকে চেনা যাচ্ছিল।এরই মধ্যে হেলিকপ্টার পৌঁছে গেল। কিন্তু দেখা দিল অন্য সমস্যা। ব্রিগেডিয়ার আজিজ জানালেন যে সেনানিবাসের সেনারা সেনা স্টেডিয়ামে জিয়ার জানাজা পড়তে চান। এর মানে কেবল আরও দেরি হওয়াই নয়, চারপাশ থেকে যেসব মানুষ ইতিমধ্যে সেনানিবাস ঘিরে জড়ো হচ্ছিল, তারাও স্টেডিয়ামে ভেঙে পড়বে। একটি আপসরফা হিসেবে আমি বললাম, সেনারা হেলিপ্যাডেই জানাজা পড়ুক। আর এর আগেই লাশ হেলিকপ্টারে তুলে দেওয়া হবে। ব্রিগেডিয়ার আজিজের কাছে একে যৌক্তিক সমাধান মনে হলো। তিনি উপস্থিত জড়ো হওয়া সেনাদের সঙ্গে কথাবার্তা বলে জানালেন যে তাঁরা এতে রাজি। জিয়ার লাশ হেলিকপ্টারে তোলার পরে আমরা সবাই জানাজায় দাঁড়ালাম। বিকেলের দিকে আমি শহরে ফিরে এলাম।ভাষান্তর: ফারুক ওয়াসিফ